...|...|...

জাতীয়

গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, দুপুর ২:০৬ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:৪৩
Shares
গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি)-এর আয়োজনে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে কথা বলবেন। আগামী ৫ আগস্ট (ক্ষমতাচ্যুতির ঠিক দুই বছর পূর্ণ হওয়ার দিনে) এই ভার্চুয়াল সেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে এফসিসি সাউথ এশিয়ার সভাপতি ডক্টর ওয়ায়ের আউয়াদ জানিয়েছেন, গণমাধ্যমে সাবেক এই প্রধানমন্ত্রীর কথা বলা বা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে ভারত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা বা আপত্তি নেই।

তিনি জানান, বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত হওয়া সত্ত্বেও মতপ্রকাশের স্বাধীনতা ও নিরপেক্ষ সাংবাদিকতার অংশ হিসেবেই তাকে এই সুযোগ দেওয়া হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, নয়াদিল্লির মথুরা রোডের স্যার মার্ক টালি অডিটোরিয়ামে আগামী ৫ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এই সংবাদ সম্মেলন চলবে। সেখানে শেখ হাসিনা সরাসরি উপস্থিত না থাকলেও অডিওর মাধ্যমে যুক্ত থাকবেন এবং বিশ্বজুড়ে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। এই আয়োজনে তার পাশাপাশি সজীব ওয়াজেদ জয়, সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক ক্রিকেটার সাকিব আল হাসানসহ বেশ কয়েকজন প্যানেলিস্ট হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে কূটনৈতিক ও রাজনৈতিক আশ্রয়ে তিনি ভারতেই অবস্থান করছেন।

এর আগে ভারত সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় জানানো হয়েছিল যে, শেখ হাসিনা ভারতে অবস্থানকালে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বা রাজনৈতিক বিবৃতি পরিচালনা করতে পারবেন না। তবে সাম্প্রতিক সময়ে তার এই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত হওয়া এবং ভবিষ্যৎ রাজনৈতিক দর্শনের ঘোষণা দেওয়ার গুঞ্জনে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।