ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপপুলিশ কমিশনার (ডিসি) মো. নাজমুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং সরকারি দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। তবে বরখাস্তের আদেশ ২০২৫ সালের ২৩ এপ্রিল থেকে কার্যকর করা হয়েছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৬ এপ্রিল বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন নাজমুল ইসলাম। ১৮ থেকে ২২ এপ্রিল পর্যন্ত ছুটি কাটানোর জন্য ১৭ এপ্রিল তিনি কর্মস্থল ত্যাগ করেন। ছুটি শেষে ২৩ এপ্রিল তার কাজে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আর কর্মস্থলে ফেরেননি।
তার অনুপস্থিতির বিষয়ে স্থায়ী ও বর্তমান ঠিকানায় এবং ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে একাধিকবার নোটিশ পাঠানো হয়। তবে এসব নোটিশের কোনো লিখিত জবাব দেননি তিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও মৌখিকভাবে অনুপস্থিতির কারণ জানাননি।
এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধি অনুযায়ী তার বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ আনা হয়। ২০২৫ সালের ২৩ জুলাই পুলিশ অধিদপ্তর থেকে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। পরে একই বছরের ১৪ আগস্ট তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।
মামলার অংশ হিসেবে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও কোনো জবাব দেননি নাজমুল ইসলাম। চলতি বছরের ৭ জানুয়ারি অভিযোগ তদন্তের জন্য একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়। তদন্ত কর্মকর্তা ৩০ জুন জমা দেওয়া প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করেন।
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তাকে চাকরি থেকে বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্তের কথা জানিয়ে গত ১৪ জুলাই দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে ওই নোটিশেরও কোনো জবাব দেননি তিনি।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নাজমুল ইসলামকে চাকরি থেকে বরখাস্তের বিষয়ে গত ৮ অক্টোবর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সুপারিশ করে। এরপর নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে রাষ্ট্রপতি গত ৫ নভেম্বর এ গুরুদণ্ড আরোপের অনুমোদন দেন।
সংশ্লিষ্ট সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৫ সালের ২৩ এপ্রিল থেকেই এ বরখাস্তের আদেশ কার্যকর বলে গণ্য হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।


