ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাঘোপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নৌকাটিতে ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন। তারা একটি ভোজ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের বেশির ভাগই শিশু বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কর্মকর্তাদের একটি দল পাঠানো হয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ ছাড়া নদীতে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে স্থানীয় গ্রামবাসীরাও প্রশাসনকে সহযোগিতা করছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের জন্য চার লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি শোক প্রকাশ করে বলেন, বৈশালীর রাঘোপুরে নৌকাডুবির ঘটনায় প্রাণহানির খবর অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক। এ কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের জন্য দুই লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। তিনি এ প্রাণহানির ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন।
প্রধানমন্ত্রী আরও জানান, স্থানীয় প্রশাসন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় কাজ করছে।


