...|...|...

জাতীয়

খেলাধুলার মাধ্যমে দেশে নতুন নেতৃত্বের জন্ম হবে: শিক্ষামন্ত্রী

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, বিকেল ৩:০২ | আপডেট: ২৪ আগস্ট ২০২৬, বিকেল ৫:০০
Shares
খেলাধুলার মাধ্যমে দেশে নতুন নেতৃত্বের জন্ম হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী এমন একটি দূরদর্শী প্রজন্ম গড়ে তুলতে চান, যারা ভবিষ্যতে দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। আর এই নতুন নেতৃত্ব গঠনে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে ‘খেলায় খেলায় শিখি’ তথ্যপুস্তক পর্যালোচনা শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ইভটিজিংয়ের মতো নানা ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে কোমলমতি শিশুদের দূরে রাখতে তাদের খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলতে হবে। শুধু খেলাধুলা করলেই চলবে না, বরং খেলার ছলে এর ভেতর লুকিয়ে থাকা বিভিন্ন শিক্ষণীয় ও নৈতিক বিষয়গুলোও শিক্ষকদের শিশুদের বুঝিয়ে দিতে হবে।

প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কারিকুলাম নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, প্রাথমিক স্তরে শিশুদের জন্য বর্তমানে তড়িঘড়ি করে চতুর্থ শ্রেণি থেকে ‘খেলায় খেলায় শিখি’ কার্যক্রম শুরু করা হচ্ছে। তবে আগামী শিক্ষাবর্ষগুলোতে এটি একেবারে প্রথম শ্রেণি থেকেই চালু করা হবে। এছাড়া ২০২৮ সালের নতুন কারিকুলাম প্রণয়নের কাজ সুচারুভাবে সম্পন্ন করতে আগামী সপ্তাহেই একটি বিশেষ কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, দেশের প্রাথমিক পর্যায় থেকেই একটি আধুনিক ও দক্ষ প্রজন্ম তৈরি করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই প্রাথমিক শিক্ষায় ‘খেলায় খেলায় শিখি’ কার্যক্রমের মতো যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।