খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে সব মালামাল। এতে প্রাথমিকভাবে প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রবিবার (১৮ অক্টোবর) বিকেলে মাটিরাঙ্গা পৌরসভার কাজিপাড়ায় মেসার্স কাজি ফোমের তুলার গোডাউনে এ আগুন লাগে। এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে গোডাউনে আগুনের সূত্রপাত হয়। তুলা দাহ্য পদার্থ হওয়ায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত সাপেক্ষে জানা যাবে।
গোডাউনে থাকা সব মালামাল পুড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটির ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ ৪৫ থেকে ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির মালিক গাজিউর রহমান (৫৫)। তিনি মাটিরাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত সুলতান মিয়া। তিনি জানান, বিকালে হঠাৎ গোডাউনে আগুম লেগে আমার সব পুড়ে ছাই হয়ে গেছে। আমি এ ক্ষতি পুষিয়ে উঠবো কিভাবে? আমার সব শেষ হয়ো গেল।
তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে মাটিরাঙা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশীদ। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের তথ্য পেয়ে আমরা দ্রুত তা নিয়ন্ত্রণে নিতে সক্ষম হই, তবে তুলার গোডাউন ও দাহ্য পদার্থ থাকায় অল্প সময়েই আগুন ছড়িয়ে পড়ে।


