...|...|...

বিশ্ব

ক্ষেপণাস্ত্র তৈরিতে বিদেশি সহায়তার প্রয়োজন নেই ইরানের: আইআরজিসি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩৪
Shares
ক্ষেপণাস্ত্র তৈরিতে বিদেশি সহায়তার প্রয়োজন নেই ইরানের: আইআরজিসি

ছবি: সংগৃহীত

ক্ষেপণাস্ত্র উৎপাদনে পুরোপুরি স্বনির্ভরতা অর্জনের দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প এখন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি, কাঁচামাল ও উৎপাদন সক্ষমতার ওপর নির্ভরশীল। ফলে বিদেশি সরবরাহের ওপর দেশটির নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমেছে।

ইরানের বার্তা সংস্থা ফারস নিউজের বরাতে জানা গেছে, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বিলালি এসব কথা বলেছেন।

ইরানের ক্ষেপণাস্ত্র শিল্পের অগ্রগতির কথা তুলে ধরে বিলালি বলেন, ‘আমাদের ক্ষেপণাস্ত্র শিল্প এখন পারস্যের ঐতিহ্যবাহী কার্পেটের চেয়েও বেশি দেশীয়।’

তার দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে দেশের নিজস্ব প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতা ব্যবহার করেই ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব।

বিলালি আরও জানান, কঠিন ও তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র তৈরিতে প্রয়োজনীয় কাঁচামাল ইরানেই সংগ্রহ ও প্রক্রিয়াজাত করা হয়। বিশেষ করে দেশটির খনিজ সম্পদ এবং পেট্রোলিয়ামজাত উপাদান ক্ষেপণাস্ত্রের জ্বালানি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তার ভাষ্য অনুযায়ী, দেশীয় সম্পদের ব্যবহার বাড়ানোর ফলে ক্ষেপণাস্ত্র উৎপাদনে বিদেশি সরবরাহের ওপর নির্ভরতা কমাতে সক্ষম হয়েছে তেহরান। এতে বাইরের সহায়তা ছাড়াই প্রতিরক্ষা শিল্পের উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়ার সক্ষমতা তৈরি হয়েছে।

আইআরজিসির এই কর্মকর্তা মনে করেন, ক্ষেপণাস্ত্র শিল্পে অর্জিত স্বনির্ভরতা ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।