...|...|...

খেলা

ক্রিকেটারদের ৮ ব্যাগ, পাসপোর্ট-টাকা চুরি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, সকাল ১০:৪২
Shares
ক্রিকেটারদের ৮ ব্যাগ, পাসপোর্ট-টাকা চুরি

ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচ শেষে ঢাকা থেকে রাজশাহী ফেরার পথে রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের আটটি লাগেজ চুরি হয়ে গেছে। এসব লাগেজে ক্রিকেটারদের ব্যক্তিগত পাসপোর্ট, আইফোন, নগদ টাকা, বৈদেশিক মুদ্রা ও মূল্যবান ক্রীড়াসামগ্রী ছিল। এ ঘটনায় পুলিশে লিখিত অভিযোগ দিয়েছেন দলের এক ক্রিকেটার। চুরি হয়ে যাওয়া মালামাল উদ্ধারে রাজশাহী ও নাটোর জেলা পুলিশ যৌথভাবে কাজ করছে।

বুধবার (১৪ অক্টোবর) সকালে রাজশাহীর নির্ধারিত হোটেলে মালামাল পৌঁছানোর পর আটটি লাগেজের খোঁজ না পেয়ে বিষয়টি সামনে আসে। এর আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনা বিভাগের বিপক্ষে এনসিএলের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষ করে সকালে বিমানে রাজশাহী পৌঁছান খেলোয়াড়েরা। তাদের মালামাল নিয়ে মঙ্গলবার দিবাগত রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি কাভার্ডভ্যান ঢাকা থেকে সড়কপথে রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছিল। পরে ক্রিকেটার এস এম মেহেরাব হোসেন রাজপাড়া থানায় লিখিত অভিযোগ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, খেলোয়াড়দের মোট ৫৪টি লাগেজ কাভার্ডভ্যানে করে পাঠানো হয়েছিল। রাজশাহীর হোটেলে মালামাল নামানোর সময় গণনা করে আটটি ব্যাগের হদিস পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত হওয়ার পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়।

কাভার্ডভ্যানের চালক সজীব হোসেনের বক্তব্যের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে নাটোরের হাটিকুমরুল-বনপাড়া বাইপাস সড়কের একটি হোটেলে খাবার খেতে বিরতি নেন তিনি। এরপর বুধবার ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহীর পুঠিয়া এলাকার একটি ফিলিং স্টেশনে গাড়ি থামান। এ সময় তিনি দেখতে পান, কাভার্ডভ্যানের পেছনের পাল্লা খোলা। পরে দরজা বন্ধ করে রাজশাহীর হোটেলের দিকে রওনা হন তিনি। সেখানে পৌঁছে মালামাল গণনার সময় আটটি লাগেজ নিখোঁজ থাকার বিষয়টি ধরা পড়ে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ক্রিকেটার মেহেরাব হোসেনের হারানো ব্যাগে ছিল ব্যক্তিগত পাসপোর্ট, একটি আইফোন ১৫ প্রো-ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, নগদ ৩ লাখ টাকা, ব্যবহৃত পোশাক এবং প্রায় ৭০ হাজার টাকা মূল্যের তিনটি পারফিউম। ক্রিকেটার আব্দুল কাদেরের একটি বিশেষ ম্যাসাজ বেল্ট, যার মূল্য প্রায় ৬০ হাজার টাকা, এবং দুই জোড়া জুতাও চুরি হয়ে গেছে। এ ছাড়া পেসার মোহর শেখ অন্তরের ৩০ হাজার টাকা দামের একটি জেবিএল স্পিকার ও ক্রিকেটার মো. ওয়ালিদের পোশাকের ব্যাগ হারিয়েছে। দলের যৌথ ব্যবহারের পোশাক ও ক্রীড়াসামগ্রী থাকা আরও চারটি বড় ব্যাগও নিখোঁজ।

আগামী ১৮ অক্টোবর রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে রাজশাহী দলের পরবর্তী ম্যাচ হওয়ার কথা রয়েছে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে পাসপোর্টসহ ব্যক্তিগত জিনিসপত্র ও প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী হারিয়ে উদ্বেগে পড়েছেন খেলোয়াড়েরা।

রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের ব্যবস্থাপক তৌহিদ তারেক বলেন, ‘মালামাল চুরি হয়ে যাওয়ার ঘটনায় পুরো দল অত্যন্ত বিব্রত ও মর্মাহত। অভিযোগ জানানোর পর থেকে পুলিশ অত্যন্ত গুরুত্ব দিয়ে মালামাল উদ্ধারে কাজ করছে।’

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, কাভার্ডভ্যান থেকে মালামাল চুরির অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি নাটোর অথবা রাজশাহী মহাসড়ক এলাকার মধ্যে ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চুরি যাওয়া লাগেজ উদ্ধারে প্রযুক্তির সহায়তা নেওয়ার পাশাপাশি দুই জেলার পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে।