আওয়ামী লীগ সরকার বিগত সময়ে ক্রসফায়ারের নামে অন্তত সাড়ে চার হাজার মানুষকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, গত ১৫ বছরে বিএনপি ও বিরোধী দলের ৬০ লক্ষের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও গায়েবি মামলা দেওয়া হয়েছে। এ ছাড়া জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে মাত্র ২০ দিনে প্রায় ১৪শ’ মানুষকে হত্যা করা হয়েছে। এত বড় মর্মান্তিক ঘটনার পরও আওয়ামী লীগের মধ্যে কোনো ধরনের অনুশোচনা বা অনুতাপ দেখা যাচ্ছে না।
বিএনপির রাজনৈতিক দর্শন ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, বিএনপি বামের ডাইনে এবং ডাইনের বামে অবস্থান নেওয়া একটি মধ্যপন্থার রাজনৈতিক দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া এই দল ধর্মহীনতা এবং ধর্মভিত্তিক রাজনীতি উভয়েরই বিপক্ষে। বিএনপি ধর্মকে কখনোই রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার বা ব্যবসার বস্তু হিসেবে ব্যবহার করতে চায় না।
ধর্ম ও রাজনীতির পৃথক অবস্থানের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, ‘ধর্ম আমার বিশ্বাসের জায়গা, শ্রদ্ধার জায়গা এবং ইহকাল-পরকালের জায়গা। কিন্তু সেই ধর্মকে রাজনীতিতে টেনে এনে মানুষের রক্তপাত ঘটানো বিএনপির নীতি নয়।’
অনুষ্ঠানে উপস্থিত আইনজীবীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, মুসলিম, হিন্দু কিংবা খ্রিস্টান সমাজের আইনজীবী হলেও আদালতের কাঠগড়ায় দাঁড়ানোর পর ধর্মভিত্তিক কোনো ভিন্ন পরিচয় থাকে না। আদালত কক্ষে সবার একমাত্র পরিচয় কালো কোট পরা একজন আইনজীবী।
ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. আনোয়ার জাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির এবং ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।



