...|...|...

জাতীয়

ইউ গেট আউট ফ্রম দিস রুম, বিরক্ত হয়ে সিভিল সার্জনকে আইনমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৪৪
Shares
ইউ গেট আউট ফ্রম দিস রুম, বিরক্ত হয়ে সিভিল সার্জনকে আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত

বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভা চলাকালে মোবাইল ফোন বেজে ওঠা ও ফোনে কথা বলার কারণে জেলা সিভিল সার্জনকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামা বলেন এই, আপনি, সিভিল সার্জন সাহেব, ইউ গেট আউট ফ্রম দিস রুম । 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এই ঘটনাটি ঘটে।

ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

সভায় উপস্থিত কয়েকটি দফতরের একাধিক কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সভা চলাকালে আইনমন্ত্রীর কাছাকাছি আসনেই বসা ছিলেন বাগেরহাটের সিভিল সার্জন আ স মো. মাহবুবুল আলম। মন্ত্রীর পাশেই উপবিষ্ট ছিলেন জেলা প্রশাসক, খুলনা রেঞ্জের ডিআইজি এবং জেলা পুলিশ সুপার।

সভা চলাকালে সিভিল সার্জনের মোবাইল ফোন কয়েকবার বেজে ওঠে এবং তিনি ফোনকল রিসিভ করে একাধিকবার কক্ষের বাইরে যান ও ভেতরে আসেন।

সর্বশেষ আইনমন্ত্রী যখন বক্তব্য দিচ্ছিলেন, ঠিক সে সময় আবারও সিভিল সার্জনের ফোন বেজে ওঠে। এতে প্রচণ্ড অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।

ফোন বারবার বেজে ওঠার একপর্যায়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সিভিল সার্জনের উদ্দেশে বলেন, ‘এই, আপনি, সিভিল সার্জন সাহেব, ইউ গেট আউট ফ্রম দিস রুম (আপনি এই কক্ষ থেকে বের হয়ে যান)।’

আইনমন্ত্রী আরও যোগ করেন, ‘আপনি চারবার টেলিফোন এখান থেকে নেমেছেন, উঠছেন, এই করেছেন। ইউ আর নট টু বিজি লাইক আদার পিপল। জাস্ট গেট আউট ফ্রম দিস রুম।’

মন্ত্রীর এই নির্দেশের পর সিভিল সার্জন মাহবুবুল আলম আসন থেকে উঠে দাঁড়ান। এ সময় আইনমন্ত্রী আবার বলেন, ‘দিস ইজ ইনডিসেন্ট (এটা অশোভন), দিস ইজ আ মিস কনডাক্ট (এটা অসদাচরণ)। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট?’

পরবর্তীতে তাকে মোবাইল বন্ধ করে বসার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, ‘বসেন এখানে। ফোনটা বন্ধ করে বসেন। আপনি চারবার এখান থেকে বসছেন-উঠছেন, বক্তাদের অ্যাটেনশন ডাইভার্ট (মনোযোগে বিচ্যুত) করেছেন। আমরা এখানে সিরিয়াস বিজনেসে বসছি (গুরুত্বপূর্ণ আলোচনা করছি)।’

অনুষ্ঠানের এই ঘটনার একটি ভিডিও ফুটেজ খুব দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সরকারি দফতরের একটি উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় এই ধরনের ঘটনা এবং মন্ত্রীর কড়া অবস্থানের বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।