...|...|...

সারাদেশ

সিভিল সার্জনের ওপর ক্ষুব্ধ হয়ে আইনমন্ত্রী বললেন ‘গেট আউট’

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৩০
Shares
সিভিল সার্জনের ওপর ক্ষুব্ধ হয়ে আইনমন্ত্রী বললেন ‘গেট আউট’

বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা চলাকালে বারবার মোবাইল ফোনে কথা বলায় সিভিল সার্জন ডা. আ.স.ম. আব্দুর রহমানের ওপর ক্ষুব্ধ হয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা চলাকালে সিভিল সার্জন ডা. আ.স.ম. আব্দুর রহমান একাধিকবার মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে আইনমন্ত্রী বলেন, চারবার আপনি এখানে বসে ফোন করছেন।

একপর্যায়ে আইনমন্ত্রী তাকে সভাকক্ষ থেকে বের হয়ে যেতে বলেন। তিনি বলেন, ‘গেট আউট ফ্রম দিস রুম।’ পরে অবশ্য আবার তাকে আসনে বসতে বলেন মন্ত্রী।

এ সময় আইনমন্ত্রী বলেন, আমরা এখানে সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করছি। আপনার কারণে এখানে মনোযোগ নষ্ট হচ্ছে।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, পুলিশ সুপার হাছান মোহাম্মদ নাছের রিকাবদার, খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাগেরহাট এনসিপির আহ্বায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেলসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।