দেশে এক কোটির বেশি তরুণ-তরুণী মাদকাসক্ত বলে দাবি করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। তিনি বলেন, সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে ইয়াবা, ফেনসিডিলসহ নানা ধরনের মাদক দেশে প্রবেশ করছে। মাদকের বিস্তার একটি জাতিকে পিছিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী কনভেনশন সেন্টারে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’ স্লোগানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজবাড়ী জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
সিবগাতুল্লাহ সিবগা বলেন, বাংলাদেশ এমন একটি ভৌগোলিক অবস্থানে রয়েছে, যেখানে সীমান্তবর্তী জেলাগুলো থেকে বিভিন্ন ধরনের মাদক দেশে প্রবেশ করছে। ইয়াবা, ফেনসিডিলসহ নানা ধরনের মাদকের বিস্তার তরুণ সমাজের জন্য বড় সংকট তৈরি করছে।
তিনি বলেন, ‘২০২৪ সালে আবু সাঈদসহ অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে আমরা ভেবেছিলাম ব্যবস্থার পরিবর্তন হবে। কিন্তু নতুন একটি সরকার আসার পরও আমরা দেখতে পাচ্ছি, নানাভাবে মেধাবীদের থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’
মেধাবীদের যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্ব দিয়ে ছাত্রশিবিরের এই নেতা বলেন, একটি সমাজ তখনই এগিয়ে যায়, যখন মেধাবীদের মূল্যায়ন করা হয় এবং তাদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করা হয়। কিন্তু বাংলাদেশে দীর্ঘদিন ধরে মেধাবীদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না বলে তিনি দাবি করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু ভালো ফলাফল করলেই জীবনে সফল হওয়া যায় না। জীবনের প্রতিটি ধাপে নানা ধরনের প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। তাই জিপিএ-৫ পাওয়াকে চূড়ান্ত অর্জন মনে না করে পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জনের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
সিবগাতুল্লাহ বলেন, এ বছর এক লাখ ১৬ হাজার শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তবে দেশের বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসনসংখ্যা এর তুলনায় কম। ফলে জিপিএ-৫ পাওয়া সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে না। আবার জিপিএ-৫ না পেয়েও অনেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে। তাই জীবনের প্রতিটি ধাপে নতুন করে পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে।
তরুণদের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের তরুণরা অত্যন্ত সৃজনশীল। বিভিন্ন বিজ্ঞান উৎসব ও উদ্ভাবনী কার্যক্রমে তরুণদের অংশগ্রহণে তাদের মেধা ও সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়। তরুণদের এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।
সরকারি প্রতিষ্ঠানে ঘুষ ও দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানে সেবা নিতে গিয়ে মানুষকে ঘুষ ও দুর্নীতির মুখোমুখি হতে হচ্ছে বলে বিভিন্ন অভিযোগ রয়েছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মানসিকতা তরুণ সমাজের মধ্যে তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় জুলাই আন্দোলন, আবু সাঈদ ও আবরার ফাহাদের প্রসঙ্গ তুলে শিক্ষার্থীদের শুধু মেধাবী নয়, নৈতিক ও মানবিক মানুষ হওয়ার আহ্বান জানান সিবগাতুল্লাহ।
তিনি বলেন, ‘শুধু মেধাবী হলেই হবে না, সৎ ও দেশপ্রেমিক হতে হবে। আমাদের লক্ষ্য হলো সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। মেধার সঙ্গে সততা ও নৈতিকতার সমন্বয় ঘটাতে হবে।’
অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাসান মাহমুদের সঞ্চালনায় বক্তব্য দেন রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আলী আহমেদ তাহকিক, ফরিদপুর মেডিকেল কলেজের সাবেক সহকারী অধ্যাপক ও সিনিয়র কনসালটেন্ট ডা. মো. ইউনুছ আলী মোল্লাসহ অনেকে।
অনুষ্ঠানে রাজবাড়ীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া প্রায় ৪০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরিফ, গিফট বক্স, ক্রেস্টসহ বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।



