যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ক্যালিফোর্নিয়ার ১৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী আয়েশা ওয়াহাব। প্রাথমিক গণনার ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী মেলিসা হার্নান্দেজের চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থেকে পূর্ণ মেয়াদের আসনটি নিজের দখলেই রাখার শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’-র এক প্রতিবেদনে ভোটের এই ট্রেন্ড ও তার বিজয়ের পূর্বাভাসের তথ্য নিশ্চিত করা হয়েছে।
৩ নভেম্বরের নির্বাচনে ভোট গণনার প্রাথমিক পর্যায়ে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ক্যালিফোর্নিয়া রাজ্যের ১৪তম ডিস্ট্রিক্টে আয়েশা ওয়াহাব ৫৮ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে চালকের আসনে রয়েছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী মেলিসা হার্নান্দেজ পেয়েছেন ৪১ দশমিক ৫ শতাংশ ভোট।
৩৯ বছর বয়সী রাজনীতিবিদের জন্ম আফগান শরণার্থী পরিবারে। ডেমোক্র্যাটিক পার্টির এই উদীয়মান মুখ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) নির্বাচিত প্রথম আফগান-আমেরিকান আইনপ্রণেতা হিসেবে ইতিহাস গড়েন। জাতীয় রাজনীতিতে প্রবেশের আগে তিনি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
২০২৬ সালের আগস্টে অনুষ্ঠিত এক বিশেষ উপনির্বাচনে জয়লাভের মাধ্যমে সাবেক কংগ্রেস সদস্য এরিক সোয়ালওয়েলের শূন্য হওয়া আসনের বাকি মেয়াদের দায়িত্ব নেন আয়েশা ওয়াহাব। পরবর্তীতে গত ২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।
চলমান এই মধ্যবর্তী নির্বাচনের মধ্য দিয়ে ২০২৭ সাল থেকে শুরু হতে যাওয়া পূর্ণ দুই বছরের নতুন মেয়াদের জন্য আবার প্রতিদ্বন্দ্বিতা করছেন এই ডেমোক্র্যাট প্রার্থী।


