...|...|...

বিশ্ব

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১৩
Shares
মার্কিন নির্বাচনে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী

ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী নাবিলা সৈয়দ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে বড় জয় পেয়ে ইতিহাস গড়েছেন ২৭ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী নাবিলা সৈয়দ। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে তিনি বর্তমান রিপাবলিকান সিনেটর ডার্বি হিলসকে পরাজিত করেছেন। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী নাবিলা ৫৭ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন; যেখানে তার প্রতিদ্বন্দ্বী ডার্বি পেয়েছেন ৪৩ শতাংশ ভোট।

মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে প্রায় ৯৪ শতাংশ ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়। বিজয়ের পর সমর্থকদের উদ্দেশে নাবিলা বলেন, ‘আমাদের প্রচার দল মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো নিয়ে কথা বলতে পেরেছে। সহমর্মিতা ও সহানুভূতিকে সামনে রেখেই আমরা প্রচারণা চালিয়েছি।’

ইলিনয়ের ইতিহাসেও এই লড়াইটি ছিল অন্যতম ব্যয়বহুল। সংস্থা 'রিফর্ম ফর ইলিনয়'-এর তথ্য অনুযায়ী, দুই প্রার্থীর প্রচারে মোট ৬৫ লাখ ডলার ব্যয় হয়। এর মধ্যে নাবিলার তহবিলেই জমা পড়েছিল অন্তত ৪৭ লাখ ডলার, যার বড় অংশ এসেছে ডেমোক্রেটিক পার্টি ও বিভিন্ন শ্রমিক সংগঠন থেকে। বিপরীতে সাবেক 'মিসেস ইলিনয় আমেরিকা' ও সরকারি কৌঁসুলি ডার্বি হিলস সংগ্রহ করতে পেরেছিলেন ১৮ লাখ ডলার। নাবিলার বিরোধিতা করতে ‘স্ট্রং ইন্ডিপেনডেন্ট লিডারশিপ কমিটি’ নামের রাজনৈতিক অ্যাকশন কমিটিও গঠন করা হয়েছিল।

মাত্র ২৭ বছর বয়সে রাজনীতিতে চমক দেখানো নাবিলা সৈয়দ ২০২১ সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলে ক্যাম্পাস থেকে স্নাতক শেষ করেন। এরপর ইলিনয় অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের ৫১তম ডিস্ট্রিক্টের সদস্য হিসেবে নির্বাচিত হয়ে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন।

প্রচারণার সময় মুসলিমবিরোধী বিদ্বেষ, হুমকি ও ব্যক্তিগত আক্রমণের শিকার হতে হয়েছিল নাবিলাকে। ডার্বি হিলস তার বয়স ও অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তাকে ‘চরমপন্থী’ আখ্যা দেওয়ার চেষ্টা করেছিলেন।

তবে সমস্ত আক্রমণ ঠেলে জীবনযাত্রার ব্যয় কমানো ও স্বাস্থ্যসেবার অধিকার সুনিশ্চিত করার অঙ্গীকার দিয়ে ভোটারদের আস্থা জয় করে সিনেটে জায়গা করে নিলেন এই তরুণী।