...|...|...

বিশ্ব

ক্যানসার চিকিৎসায় বড় সাফল্যে, যুক্তরাষ্ট্রের নতুন ওষুধে আশার আলো

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, বিকেল ৩:০৫
Shares
ক্যানসার চিকিৎসায় বড় সাফল্যে, যুক্তরাষ্ট্রের নতুন ওষুধে আশার আলো

ছবি: সংগৃহীত

অগ্ন্যাশয়ের ক্যানসারের চিকিৎসায় নতুন আশার আলো দেখাচ্ছে পরীক্ষামূলক ওষুধ ‘ড্যারাক্সনরাসিব’। প্রতিদিন একটি বড়ি এবং কেমোথেরাপির সমন্বিত চিকিৎসায় অংশ নেওয়া কয়েকজন রোগীর টিউমার উল্লেখযোগ্যভাবে ছোট হয়েছে। এমনকি কিছু রোগীর ক্ষেত্রে সিটি স্ক্যানে টিউমার আর শনাক্ত করা যায়নি।

বিবিসির প্রতিবেদনে দেখা গেছে, প্রাথমিক পর্যায়ের পরীক্ষায় অগ্রসর অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত ৬১ জন রোগী অংশ নেন। তাদের ক্যানসার শরীরের অন্য অংশেও ছড়িয়ে পড়েছিল।

গবেষণার ফল অনুযায়ী, প্রায় ৯০ শতাংশ রোগীর ক্ষেত্রে টিউমারের বৃদ্ধি থেমে যায়। ৬০ শতাংশের কিছু বেশি রোগীর টিউমার ছোট হয়েছে অথবা পুরোপুরি অদৃশ্য হয়েছে। আর প্রায় ৮ শতাংশ, অর্থাৎ প্রতি ১২ জনে একজনের ক্ষেত্রে সিটি স্ক্যানে টিউমার শনাক্ত করা যায়নি।

তবে চিকিৎসকেরা সতর্ক করে বলেছেন, এই ফলাফলকে এখনই ক্যানসারের নিরাময় হিসেবে দেখা যাবে না। ওষুধটি কত দিন রোগের অগ্রগতি ঠেকিয়ে রাখতে পারবে, সেটিও এখনও পরিষ্কার নয়।

যুক্তরাজ্যের ক্যানসার গবেষণা সংস্থা ক্যানসার রিসার্চ ইউকে এই ফলাফলকে অগ্ন্যাশয়ের ক্যানসারের চিকিৎসায় ‘কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি’ বলে অভিহিত করেছে।

সংস্থাটির চিকিৎসক স্যাম গডফ্রে বিবিসিকে বলেন, ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক। তার ভাষায়, নতুন এই ওষুধ এমন একটি বিষয়কে ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণের পথ খুঁজে পেয়েছে, যেটিকে এত দিন ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করা অসম্ভব বলে মনে করা হতো।

তিনি আরও বলেন, অগ্ন্যাশয়ের ক্যানসারের চিকিৎসায় অবশেষে অগ্রগতি দেখা যাচ্ছে, যা অনেক আগেই প্রয়োজন ছিল।

অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসা করা অত্যন্ত কঠিন। যুক্তরাজ্যে সাধারণ ক্যানসারগুলোর মধ্যে এ রোগে বেঁচে থাকার হার সবচেয়ে কম। কেমোথেরাপিতে টিউমার ছোট হলেও অনেক ক্ষেত্রে পরে আবার বাড়তে শুরু করে। অগ্রসর পর্যায়ে আক্রান্ত বেশির ভাগ রোগী বছরের বদলে কয়েক মাস বেঁচে থাকেন।

চিকিৎসকদের আশা, নতুন চিকিৎসাটি ক্যানসার পুরোপুরি নির্মূল করতে না পারলেও রোগীদের আয়ু বাড়াতে সহায়তা করতে পারে।

পরীক্ষায় অংশ নেওয়া রোগীদের গড়ে দেড় বছর পর্যবেক্ষণে রাখা হয়। এ সময় কয়েকজনের শরীরে ক্যানসার আর ফিরে আসেনি। তবে রোগটি দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণে থাকবে কি না, তা জানতে আরও গবেষণা প্রয়োজন।

যুক্তরাষ্ট্রে মোট ক্যানসার রোগীর প্রায় ৩ শতাংশ অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত হন। কিন্তু দেশটিতে ক্যানসারে মোট মৃত্যুর প্রায় ৮ শতাংশের জন্য দায়ী এই রোগ। প্রতিবছর যুক্তরাষ্ট্রে প্রায় ৫৩ হাজার মানুষের মৃত্যু হয় অগ্ন্যাশয়ের ক্যানসারে।

ক্যানসার রিসার্চ ইউকের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে প্রতিবছর প্রায় ১১ হাজার ৫০০ মানুষের এ রোগ শনাক্ত হয় এবং প্রায় ১০ হাজার ২০০ জন মারা যান। ব্রিটিশ অভিনেতা অ্যালান রিকম্যানও ২০১৬ সালে এ রোগে আক্রান্ত হওয়ার পাঁচ মাস পর মারা যান।

অগ্ন্যাশয়ের ক্যানসারের লক্ষণগুলোর মধ্যে রয়েছে জন্ডিস, ত্বকে চুলকানি, প্রস্রাব গাঢ় হওয়া, মলের রং ফ্যাকাশে হয়ে যাওয়া, অকারণে ওজন কমে যাওয়া, ক্লান্তি এবং শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া।