...|...|...

খেলা

না খেলে সেমিতে উঠল বাংলাদেশও

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:১৯ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬, রাত ৩:৩২
Shares
না খেলে সেমিতে উঠল বাংলাদেশও

ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসে ম্যাচ না খেলেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। বৃষ্টির কারণে মালয়েশিয়ার বিপক্ষে নির্ধারিত কোয়ার্টার ফাইনাল বাতিল হওয়ায় র‌্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে শেষ চারে উঠেছে লিটন দাসের দল।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে নির্ধারিত সময়ের প্রায় সাড়ে তিন ঘণ্টা আগেই ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। ফলে স্টেডিয়ামে না গিয়েই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ।

এশিয়ান গেমসের ক্রিকেটে বৃষ্টির প্রভাব পড়েছে আগের দিন থেকেই। সোমবার দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ মাঠে গড়ায়নি। আজ সকালে নেপাল ও শ্রীলঙ্কার মধ্যকার কোয়ার্টার ফাইনালও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। মাঠ খেলার উপযোগী না থাকায় বাংলাদেশের ম্যাচও নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই বাতিলের সিদ্ধান্ত আসে।

র‌্যাংকিংয়ে মালয়েশিয়ার চেয়ে এগিয়ে থাকায় ম্যাচের ফল না হলেও বাংলাদেশকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ফলে আগামী ১ অক্টোবর সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

সেমিফাইনাল ম্যাচটি ১ অক্টোবর সকাল ৯টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে আবহাওয়ার পরিস্থিতির উন্নতি না হলে নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজন নিয়েও শঙ্কা রয়েছে। সেমিফাইনালেও যদি খেলা মাঠে না গড়ায়, র‌্যাংকিংয়ে এগিয়ে থাকার কারণে পাকিস্তানকে বিজয়ী ঘোষণা করা হবে। সেক্ষেত্রে বাংলাদেশের সামনে ব্রোঞ্জ পদকের জন্য খেলার সুযোগ থাকবে।

বৃষ্টির কারণে বাংলাদেশের নারী ক্রিকেট দলও একই ধরনের পরিস্থিতির মুখে পড়েছিল। কোয়ার্টার ফাইনালে চীনের বিপক্ষে তাদের ম্যাচও মাঠে গড়ায়নি। র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় কোনো ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে নিগার সুলতানা জ্যোতির দল।