কোনো মা-বাপ যেন সন্তান আর না নেয় বলে ক্ষোভ প্রকাশ করেছেন নিহত সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মা।
শুক্রবার (৯ অক্টোবর) গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলার সময় এমন মন্তব্য করেন তিনি।
নিহত জান্নাতুল তাজমিনের মা বলেন, ‘কোনো মা-বাপ যেন সন্তান আর নেয় না। এই হায়নাদের যদি কোনো বিচার করতে না পারে এই মন্ত্রী মিনস্টিাররা, কোনো বিএনপিও ক্ষমতায় থাকার দরকার নেই, কোনো আওয়ামী লীগেরও দরকার নেই। হাসিনা, এমপি, মিনিস্টার কিছু চাই না। আমি কী এত কথা বলে বিচার পাব। পাব না। আল্লাহ দেখতেছে, আল্লাহ এর বিচার করবে।’
এ সময় কোরআন-হাদিস অনুযায়ী বিচারের কথাও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে জান্নাতুল তাজমিনের লাশ উদ্ধার করা হয়। লাশের কাছেই পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা।
এদিকে এ ঘটনায় অভিযুক্ত সিএনজিচালক সুমন মিয়াকে (৩৫) চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। তার দেওয়া তথ্য ও দেখানো মতে, নিহত শিক্ষার্থীর ব্যবহৃত আইফোন উদ্ধার করেছে পুলিশ।


