যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম মুসলিম সদস্য হিসেবে নির্বাচিত আবদুল এল-সাইয়েদ আগামী জানুয়ারিতে কোরআন হাতে শপথ নেওয়ার পরিকল্পনা করছেন। তবে শপথের জন্য কোন কোরআনের কপি ব্যবহার করবেন, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান মিশিগান থেকে নির্বাচিত এই নবনির্বাচিত সিনেটর।
এল-সাইয়েদ জানান, তার বিবেচনায় বর্তমানে দুটি কোরআনের কপি রয়েছে। এর একটি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট টমাস জেফারসনের সংগ্রহে থাকা কোরআন। অন্যটি মিশিগান বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সংরক্ষিত একটি প্রাচীন কোরআন।
এর আগে ২০০৭ সালে প্রতিনিধি পরিষদের প্রথম মুসলিম সদস্য কিথ এলিসন জেফারসনের কোরআন ব্যবহার করে শপথের একটি আনুষ্ঠানিক পুনরাভিনয়ে অংশ নিয়েছিলেন।
তবে যুক্তরাষ্ট্রের সিনেটে শপথ গ্রহণের ক্ষেত্রে কোনো ধর্মগ্রন্থ ব্যবহার করা বাধ্যতামূলক নয়।
এল-সাইয়েদের ভাষায়, শপথের মূল বিষয় কোনো ধর্মগ্রন্থ নয়; বরং যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ।
গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে জয় পান এল-সাইয়েদ। আগামী ২০২৭ সালের জানুয়ারিতে তাঁর দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।
সিনেটের আনুষ্ঠানিক শপথে সত্যিই কোরআন ব্যবহার করলে আবদুল এল-সাইয়েদ হবেন এমন প্রথম মার্কিন সিনেটর।


