বিশ্বভ্রমণে বেরিয়ে ইন্দোনেশিয়া থেকে তুরস্কে পৌঁছেছিলেন চীনের দম্পতি মোইয়ান সং ও লুওশি শু। তুরস্কের আনতালিয়া শহরে এক পরিবারের সাথে পরিচয়, তাদের আন্তরিক আতিথেয়তা এবং পবিত্র কোরআনের সংস্পর্শে এসে ইসলামের প্রতি আগ্রহী হয়ে ওঠেন তারা। একপর্যায়ে ইসলাম গ্রহণ করেন আট বছর ধরে বিবাহিত এই দম্পতি। নতুন ধর্মীয় পরিচয়ে ইসলামী রীতিতে আবারও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।
প্রায় দুই বছর আগে বেইজিংয়ের চাকরি ছেড়ে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েন সং ও শু। উদ্দেশ্য ছিল নতুন অভিজ্ঞতা অর্জন এবং বিভিন্ন দেশের সংস্কৃতি ও মানুষের জীবনযাপন সম্পর্কে জানা। ইন্দোনেশিয়া থেকে শুরু হওয়া তাদের এই যাত্রা শেষ পর্যন্ত জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করে।
ভ্রমণের প্রথম গন্তব্য ইন্দোনেশিয়ায় মুসলমানদের আতিথেয়তা ও সুন্দর আচরণ তাদের মুগ্ধ করে। সেখান থেকেই ইসলাম সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়। পরে বিভিন্ন দেশ ঘুরে তুরস্কে পৌঁছান তারা। আনতালিয়া শহরে এক তুর্কি পরিবারের সাথে পরিচয় তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়।
তুর্কি পরিবারের সাথে পরিচয়
তুরস্কের আনতালিয়া শহরের ঐতিহাসিক কালেইচি এলাকার একটি পার্কে বসেছিলেন চীনা দম্পতি। সেখানেই পরিচয় হয় অবসরপ্রাপ্ত তুর্কি দম্পতি আয়সেল ও আবদুর রহমান আককোজের সাথে।
আগে থেকে কোনো পরিচয় না থাকলেও কথাবার্তার একপর্যায়ে তাদের মধ্যে আন্তরিকতা তৈরি হয়। চীনা ও কোরীয় টেলিভিশন সিরিজের প্রতি আয়সেলের আগ্রহ এ ক্ষেত্রে ভূমিকা রাখে। এসব ভাষার কিছু শব্দ আগে থেকেই জানতেন তিনি। প্রথমে চীনা ভাষায় কথা বলার চেষ্টা করেন আয়সেল। পরে ইংরেজি ও অনুবাদ অ্যাপের সহায়তায় দুই পরিবারের কথোপকথন এগিয়ে যায়।
অবসরপ্রাপ্ত নার্স আয়সেল জানান, ভাষাগত সীমাবদ্ধতা থাকলেও অল্প সময়ের মধ্যেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। মনে হচ্ছিল, বহু বছর ধরে তারা একে অপরকে চেনেন। অথচ সেটিই ছিল প্রথম সাক্ষাৎ।
একপর্যায়ে আয়সেল চীনা দম্পতিকে নিজের বাড়িতে ঐতিহ্যবাহী তুর্কি নাশতার আমন্ত্রণ জানান। পরদিন সেই আমন্ত্রণে সাড়া দিয়ে তার বাড়িতে যান সং ও শু। সেখানে তুর্কি খাবার ও সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার পাশাপাশি ইসলাম নিয়েও নানা প্রশ্ন করেন তারা।
তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুকে দেওয়া সাক্ষাৎকারে আয়সেল জানান, চীনা দম্পতির ইসলাম সম্পর্কে জানার আগ্রহ দেখে তিনি তাদের পবিত্র কোরআনের একটি কপি উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে এই উপহার তাদের জীবনে এত বড় পরিবর্তন আনবে, তা তখন ভাবেননি তিনি।
কোরআনের উপহার থেকে ইসলামের পথে
আয়সেল জানান, চীনা দম্পতিকে কোরআন উপহার দেওয়ার পেছনে তাদের ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করার কোনো উদ্দেশ্য ছিল না। মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ সম্পর্কে জানার সুযোগ করে দিতেই তিনি এটি দিয়েছিলেন।
তুরস্ক ছেড়ে চলে যাওয়ার পরও দুই পরিবারের যোগাযোগ অব্যাহত থাকে। বার্তা আদান-প্রদানের মাধ্যমে সম্পর্ক বজায় রাখেন তারা। কিছুদিন পর আয়সেল একটি বার্তা পান। তাতে কোরআনের উপহার পেয়ে সং ও শু কতটা প্রভাবিত হয়েছেন, তা জানান তারা। পবিত্র কোরআনকে একটি শিল্পকর্মের সাথে তুলনা করেন চীনা দম্পতি।
এরপর চীনে ফিরে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন তারা। তবে তাদের ইচ্ছা ছিল, যে শহরে তুর্কি পরিবারের সাথে পরিচয় হয়েছিল, সেখানেই আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করবেন। এ জন্য আবারও আনতালিয়ায় ফিরে আসেন তারা।
বেইজিং থেকে আনতালিয়ার মসজিদে
দ্বিতীয়বার তুরস্কে যাওয়ার উদ্দেশ্য ছিল ইসলাম গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা। আনতালিয়ার আকদেনিজ বিশ্ববিদ্যালয়ের মসজিদে তুর্কি পরিবারের সদস্যদের উপস্থিতিতে ইসলাম গ্রহণ করেন তারা। এ সময় নিজেদের জন্য নতুন নামও বেছে নেন।
মোইয়ান সংয়ের নতুন নাম রাখা হয় মুহাম্মদ মুরাদ। তার স্ত্রী লুওশি শু পরিচিত হন লায়লা বাতুল নামে। একই অনুষ্ঠানে আট বছর আগে তাদের সম্পন্ন হওয়া বিয়েও ইসলামী রীতি অনুযায়ী নতুন করে পড়ান কাজি মুহাম্মদ কুশুক।
ইসলাম গ্রহণের কারণ সম্পর্কে মুহাম্মদ মুরাদ বলেন, বিভিন্ন দেশে ভ্রমণের সময় মুসলমানদের মধ্যে যে দয়া, সততা ও সুন্দর আচরণ দেখেছেন, তা তাকে ও তার স্ত্রীকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে।
তিনি জানান, ইসলাম গ্রহণের জন্য কেউ তাদের ওপর কোনো ধরনের চাপ প্রয়োগ করেনি। মুসলমানদের ব্যক্তিগত আচরণ পর্যবেক্ষণ এবং তাদের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে জানার আগ্রহ থেকেই ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন তারা।
ইসলাম গ্রহণের পর জীবনে পরিবর্তন এসেছে বলেও জানান মুরাদ। এখন তারা আগের চেয়ে বেশি মানসিক প্রশান্তি অনুভব করেন। বিভিন্ন সমস্যার মুখোমুখি হলে শান্ত থাকার চেষ্টা করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন।
তার স্ত্রী লায়লা বাতুলও ইসলাম গ্রহণ করে আনন্দিত। ধর্ম সম্পর্কে আরও জ্ঞান অর্জনের জন্য তিনি চীনা ভাষায় লেখা ইসলামী বই পড়া শুরু করেছেন।
নতুন পরিচয়ে দুই পরিবারের বন্ধন
চীনা দম্পতির সাথে তুর্কি পরিবারের পরিচয় শুধু তাদের ইসলাম গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। সময়ের সাথে সম্পর্কটি পারিবারিক বন্ধনে রূপ নিয়েছে।
আবদুর রহমান আককোজ জানান, একদিন মুহাম্মদ মুরাদ তাকে সাথে নিয়ে মসজিদে যাওয়ার অনুরোধ করেন। সেখানে নামাজ আদায়ের সময় তিনি এতটাই আবেগাপ্লুত হয়ে পড়েন যে তার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে।
তিনি আরও জানান, তুরস্কের ধর্মবিষয়ক অধিদফতর থেকে চীনা দম্পতিকে চীনা ভাষায় অনূদিত তাফসিরসহ পবিত্র কোরআনের কয়েকটি কপি উপহার দেওয়া হয়েছে। পাশাপাশি ইসলামি শিক্ষাবিষয়ক বিভিন্ন বইও দেওয়া হয় তাদের।
চীনা দম্পতি আবদুর রহমান ও তার স্ত্রীকে দাদা-দাদি বলে সম্বোধন করতে শুরু করেন। এতে দুই পরিবারের সম্পর্ক আরও গভীর হয়।
আবদুর রহমান বলেন, তারা এখন সং ও শুকে নিজেদের সন্তানের মতো মনে করেন। তাদের কাছ থেকে বার্তা বা ফোনকল পেলে নিজেদের সন্তানদের সাথে যোগাযোগের মতোই আনন্দ অনুভব করেন।
সূত্র: আল জাজিরা

