কোকেন সেবনের দায়ে এক মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার ক্রিস লিন। ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্টে ডোপ পরীক্ষায় পজিটিভ হওয়ার পর তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। তবে মাদকাসক্তি নিরাময় কর্মসূচিতে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় প্রাথমিকভাবে প্রস্তাবিত তিন মাসের নিষেধাজ্ঞা কমিয়ে এক মাস করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইংল্যান্ডের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে। চলতি বছরের ১৮ জুলাই টি-টোয়েন্টি ব্লাস্টের ফাইনালস ডেতে নর্দাম্পটনশায়ারের হয়ে খেলতে নামা ৩৬ বছর বয়সী লিনের নমুনা সংগ্রহ করা হয়। সেদিনই শিরোপা জেতে তার দল।
পরীক্ষায় লিনের নমুনায় কোকেনের বিপাকজাত উপাদান বেনজোইলেকগোনিনের উপস্থিতি পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে ৩১ জুলাই তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। পরে ১৫ থেকে ১৬ জুলাইয়ের মধ্যে কোকেন সেবনের কথা স্বীকার করেন এই অস্ট্রেলীয় ব্যাটার।
ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার ভাষ্য অনুযায়ী, লিন প্রতিযোগিতার বাইরে কোকেন সেবন করেছিলেন। এর সাথে মাঠের পারফরম্যান্সের কোনো সম্পর্ক ছিল না।
লিনের বিরুদ্ধে ডোপবিরোধী দুটি অভিযোগ আনা হলেও পরে একটি প্রত্যাহার করা হয়। তার নমুনায় পাওয়া উপাদানের মাত্রা বিশ্ব ডোপবিরোধী সংস্থার (ওয়াডা) নির্ধারিত সীমার নিচে থাকায় অভিযোগটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রাথমিকভাবে তিন মাসের নিষেধাজ্ঞার প্রস্তাব দেওয়া হলেও মাদকাসক্তি নিরাময় কর্মসূচিতে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় শাস্তি কমানো হয়। গত ৩০ আগস্ট ওই কর্মসূচি শেষ করেন লিন। ফলে তার এক মাসের নিষেধাজ্ঞার মেয়াদও ইতিমধ্যে শেষ হয়েছে।
অস্ট্রেলিয়ার হয়ে চারটি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি খেলেছেন লিন। নিষেধাজ্ঞার সময় থেকে পেশাদার ক্রিকেটের বাইরে রয়েছেন তিনি। আসন্ন বিগ ব্যাশ লিগের মৌসুমেও এখন পর্যন্ত কোনো দলের সাথে চুক্তিবদ্ধ হননি এই ব্যাটার।


