...|...|...

সারাদেশ

তাজমিন হত্যা

কেবল একজনই কি ঘাতক, খতিয়ে দেখছে পুলিশ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:১৮ | আপডেট: ৯ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:২১
Shares
কেবল একজনই কি ঘাতক, খতিয়ে দেখছে পুলিশ

জান্নাতুল তাজমিন (১৫)। ছবি: সংগৃহীত

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) হত্যার ঘটনায় সুমন নামে এক অটোরিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রামে তার ভাইয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে এ হত্যাকাণ্ডে সুমন একাই জড়িত থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ। তবে হত্যার প্রকৃত কারণ এবং ঘটনার পেছনের বিস্তারিত জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, তাজমিনকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটির চালক ছিলেন সুমন। ঘটনার পর থেকে তাকে শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। তার খালা শাশুড়ি, বোন ও বোনজামাইকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছিল। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সুমনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনার তদন্ত চলছে। গ্রেফতার সুমনকে কুমিল্লায় এনে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এখনো হত্যার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশের একাধিক দল।

কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ্ বলেন, বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়। তাজমিনের শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার গলায় গামছা পেঁচানো ছিল। প্রাথমিকভাবে শ্বাসরোধ করে হত্যার ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।

কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, ঘটনার শুরু থেকেই পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

পুলিশের তথ্য অনুযায়ী, সুমন প্রায়ই রাতে কুমিল্লার পদুয়ার বাজার ও আশপাশের এলাকায় সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। তার নিজস্ব বাড়ি নেই; তিনি শ্বশুরবাড়িতে থাকতেন। পুলিশের ভাষ্য, তিনি নেশাগ্রস্ত।

ধানক্ষেত থেকে উদ্ধার লাশ

বৃহস্পতিবার ভোরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে জান্নাতুল তাজমিনের লাশ উদ্ধার করা হয়। মরদেহের কাছেই পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা।

স্থানীয়দের বরাতে জানা যায়, কাঁচিকাটা-হরিশ্চর পাকা সড়কের জগতপুর উত্তরপাড়া এলাকার মানুমুড়া সংলগ্ন স্থানে অটোরিকশাটি পড়ে থাকতে দেখে সন্দেহ হয় তাদের। পরে সড়ক থেকে প্রায় ৫০ গজ দূরে ফসলি জমির আইলের পাশে এক কিশোরীর লাশ দেখতে পান তারা। এ সময় কিশোরীর গলায় গামছা প্যাঁচানো এবং মুখ মাটির দিকে চেপে থাকা অবস্থায় ছিল।

খবর পেয়ে লালমাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে সিআইডি ও পিবিআইসহ পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

তাজমিন হত্যার ঘটনায় গ্রেফতার সুমনকে জিজ্ঞাসাবাদ এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর হত্যার কারণ ও ঘটনার বিস্তারিত সম্পর্কে আরও তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছে পুলিশ।