...|...|...

সারাদেশ

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে প্রবাসীদের ভোট নিয়ে ইসির বার্তা

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, দুপুর ১:৫৯ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, দুপুর ২:০৫
Shares
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে প্রবাসীদের ভোট নিয়ে ইসির বার্তা

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে প্রবাসী ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে পোস্টাল ব্যালটের নিবন্ধন কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা এ নিবন্ধন করতে পারবেন। এছাড়া আগে নিবন্ধিত প্রবাসী ভোটারদেরও এবার ভোট দিতে সম্মতি জানাতে হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. আব্দুল মামিন সরকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে যেসব প্রবাসী ভোটার ইতঃপূর্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধন করেছিলেন, তাদের ভোট দেওয়ার সম্মতি জানাতে নোটিফিকেশন পাঠানো হবে। ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে সম্মতি পাওয়া গেলে তাদের প্রবাসের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হবে।

আগে নিবন্ধন না করলেও ভোট দেওয়ার সুযোগ

নির্বাচন কমিশন জানিয়েছে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রবাসী ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেননি, তারাও কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

এ জন্য আগামী ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নতুন করে নিবন্ধন করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে তারাও পোস্টাল ব্যালটের মাধ্যমে উপনির্বাচনে ভোট দিতে পারবেন।

প্রবাসী ভোটারদের জন্য ইসির নির্দেশনা

ইসির বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রবাসী ভোটারদের ক্ষেত্রে দুটি বিষয় অনুসরণ করতে হবে-

১. আগে নিবন্ধিত ভোটার: নোটিফিকেশন পাওয়ার পর ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে ভোট দেওয়ার সম্মতি জানাতে হবে।

২. নতুন ভোটার: যারা আগে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেননি, তাদের নির্ধারিত সময়ের মধ্যে নতুন করে নিবন্ধন করতে হবে।

নির্বাচন কমিশনের এ উদ্যোগের ফলে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে বিদেশে অবস্থানরত যোগ্য ভোটাররাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন।