...|...|...

বিনোদন

কারিনার বিতর্কের পর আলোচনায় দীপিকার ‘ফি আমানিল্লাহ’ গয়না

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, সকাল ১১:৩৮
Shares
কারিনার বিতর্কের পর আলোচনায় দীপিকার ‘ফি আমানিল্লাহ’ গয়না

ছবি: সংগৃহীত

কারিনা কাপুর খানের দীপাবলির সাজে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা পান্নার লকেট পরা নিয়ে বিতর্কের মধ্যে আলোচনায় এসেছেন দীপিকা পাড়ুকোন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ২০২২ সালের কান চলচ্চিত্র উৎসবে তার পরা একটি গয়নার ছবি। ওই গয়নায় আরবি ভাষায় লেখা ছিল ‘ফি আমানিল্লাহ’, যার অর্থ ‘আল্লাহর নিরাপত্তায়’।

২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দীপিকা। ওই আয়োজনে ভারতের খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির নকশা করা বিশেষ একটি গহনা পরেছিলেন তিনি। সেটিতে ছিল আরবি ভাষায় লেখা ঐতিহ্যবাহী একটি আশীর্বাণী। সব্যসাচীর ‘ট্রপিক অব ক্যালকাটা’ সংগ্রহের অংশ ছিল গহনাটি। এটি ছিল বৈসবিক রিসোর্ট ফ্যাশন সিরিজ, যেখানে ভারতীয় ঐতিহ্যকে আধুনিক নকশায় তুলে ধরা হয়েছে। দীপিকা পশ্চিমা পোশাকের সাথে পরেছিলেন ‘লখনউ রোজ’ নামের একটি বিশেষ নেকলেস। রত্নপাথর ও অপরিশোধিত হীরা দিয়ে তৈরি গহনাটিতে ছিল মহারানি নেকলেসের নকশার ছাপ।

গহনাটির একটি পাথরে খোদাই করা ছিল ‘ফি আমানিল্লাহ’ কথাটি। সে সময় এটি দীপিকার ফ্যাশন সাজের অংশ হলেও কারিনাকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের পর পুরোনো ছবিটি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ২০২৬ সালের দীপাবলিতে কারিনা কাপুর খানের পরা একটি পান্নার লকেট নিয়ে বিতর্কের সূত্রপাত। ৩০ ক্যারেটের ওই পান্নার লকেটে পবিত্র কোরআনের আয়াতুল কুরসি খোদাই করা ছিল বলে জানা গেছে। দীপাবলির অনুষ্ঠানে কারিনা পরেছিলেন ডিজাইনার পুনিত বালানার নকশা করা রুপালি গোটাপট্টির কাজ করা পোশাক। সাথে ছিল মানানসই বেইজ রঙের পাগড়ি। তার সাজের অন্যতম আকর্ষণ ছিল প্রাচীন নকশার পান্নার লকেটটি। কারিনার স্টাইলিস্ট রিয়া কাপুর জানিয়েছিলেন, গয়নাটি ভোপালের রাজপরিবারের।

গত ১১ নভেম্বর মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ তার আইনজীবীর মাধ্যমে কারিনা ও তার স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠিয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম। তবে তিনি স্পষ্ট করেছেন, কংগ্রেস দলের পক্ষ থেকে নয়, মুসলিম সম্প্রদায়ের একজন সদস্য হিসেবে ব্যক্তিগত অবস্থান থেকে এ পদক্ষেপ নিয়েছেন। নোটিশে ফ্যাশন অনুষঙ্গ হিসেবে পবিত্র কোরআনের আয়াত ব্যবহারের বিরোধিতা করা হয়েছে। এতে বলা হয়েছে, এ ধরনের ব্যবহারে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে। মুসলিমদের কাছে আয়াতুল কুরসি অত্যন্ত মর্যাদাপূর্ণ। এটি তারা প্রার্থনার অংশ হিসেবে পাঠ করেন।

নোটিশে কারিনা ও রিয়া কাপুরের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ওই লকেটসংবলিত ছবি ও ভিডিও সরিয়ে ফেলা, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে ধর্মীয় আয়াতের প্রতি যথাযথ সম্মান দেখানোর নিশ্চয়তা দেওয়ার দাবি জানানো হয়েছে। কারিনার পরা পান্নার লকেটটি সাধারণ কোনো গয়না নয়। এটি ভোপালের নবাব পরিবারের উত্তরাধিকার সূত্রে পাওয়া পারিবারিক সম্পদ বলে জানা গেছে। এক শতাব্দীরও বেশি সময় ধরে ভোপালের শাসনভার সামলানো বেগমদের পরিবারের সাথে এর সম্পর্ক রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ভোপালের শেষ শাসক নবাব হামিদুল্লাহ খানের মেয়ে সাজিদা সুলতানের মাধ্যমে গহনাটি সাইফ আলী খানের পরিবারের কাছে আসে। সাজিদা সুলতান ছিলেন সাইফের পিতামহী। সাইফকে বিয়ের পর কারিনারও পতৌদি পরিবারের রাজকীয় গহনার সংগ্রহ ব্যবহারের সুযোগ রয়েছে।

আইনি নোটিশ ঘিরে বিতর্কের মধ্যে ভোপালের কয়েকটি সংগঠন কারিনার পাশে দাঁড়িয়েছে। হিন্দু উৎসব সমিতি ও সংস্কৃতি বাঁচাও মঞ্চ অভিনেত্রীর প্রতি সমর্থন জানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হিন্দু উৎসব সমিতির সভাপতি চন্দ্রশেখর তিওয়ারি ক্ষমা চাওয়ার দাবির বিরোধিতা করেছেন। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ ও ‘ব্রুট ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি কারিনা কাপুর খান ও রিয়া কাপুর। দীপাবলির সাজের ছবিগুলো নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। কারিনার গহনায় ধর্মীয় আয়াত ব্যবহারের বিতর্কের মধ্যেই দীপিকার ২০২২ সালের কান চলচ্চিত্র উৎসবের সাজ নতুন করে আলোচনায় এসেছে।