পাবনার ঈশ্বরদী শহরে মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে প্রকাশ্যে মহড়া দিয়ে আলোচনার সৃষ্টি করেছেন সাবেক ছাত্রদল নেতা জুবায়ের হোসেন বাপ্পি। সোমবার (১৭ আগস্ট) বিকেলে শহরের কলেজ রোড থেকে জিরো পয়েন্ট রেলগেট এলাকায় তাকে এমন অবস্থায় দেখা যায়।
একপর্যায়ে তিনি থানায় গিয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ করেন। এ সময় তার সাথে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুলভ মালিথা ছিলেন।
পরে তিনি নিজেই ঈশ্বরদী থানায় গিয়ে অভিযোগ করেন, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তার দাবি, মাদক ও সুদের কারবারিদের পাশাপাশি হুমকিদাতাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তিনি অস্ত্র হাতে রাস্তায় নেমেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাথায় কাফনের কাপড় বাঁধা অবস্থায় অস্ত্র হাতে বাপ্পি শহরের বিভিন্ন এলাকায় অবস্থান করেন। পরে থানায় গেলে পুলিশ তাকে হেফাজতে নেয়।
এ ঘটনায় তার গ্রেফতারের দাবিতে ছাত্রদল, যুবদল ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। তাদের অভিযোগ, বাপ্পি প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে হুমকি দিয়েছেন।
স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান বলেন, জুবায়ের বাপ্পি প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে আমাকে হত্যার জন্য বকুলের মোড় থেকে রেলগেটে এসে আমাকে গালাগালি ও হত্যার হুমকি দিয়েছে। আমি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি। তাকে গ্রেফতার ও তার অস্ত্রের লাইসেন্স বাতিল করতে হবে।
ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান আসাদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্ত জুবায়ের বাপ্পিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। অস্ত্র প্রদর্শন করে কাউকে হুমকি দিলে, অস্ত্রের অপব্যবহার করলে সে অস্ত্রের লাইসেন্স বাতিল করার বিধান রয়েছে। বিষয়গুলো খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


