...|...|...

সারাদেশ

অনুষ্ঠানে খাসি না থাকায় বিয়ে না করেই চলে গেলেন বর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, রাত ১২:০৬ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৩৮
Shares
অনুষ্ঠানে খাসি না থাকায় বিয়ে না করেই চলে গেলেন বর

অনুষ্ঠানে খাসি না দেওয়ায় বিয়ে না করেই চলে গেলেন বর

বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার আগেই ভেঙে গেল একটি সম্পর্ক। বিয়ের খাওয়ায় ঐতিহ্যবাহী খদরে খাসি না থাকায় বিয়ে না করেই কনের বাড়ি থেকে চলে গেছেন জাপানপ্রবাসী এক যুবক।

ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে। সোমবার (১৭ আগস্ট) বিকেলে কনের বাড়িতে এ ঘটনা ঘটে। ওই যুবকের নাম জুনায়েদ। তিনি কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

স্থানীয়রা জানান, বিয়ের আনুষ্ঠানিকতা উপলক্ষে বরযাত্রীসহ জুনায়েদ কনের বাড়িতে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। তবে শুরু থেকেই কিছু বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। পরে খাওয়া-দাওয়ার একপর্যায়ে বরপক্ষের জন্য পরিবেশন করা হয় স্থানীয় ঐতিহ্যবাহী খাবার খদর। কিন্তু এতে খাসি না থাকায় আপত্তি জানান জুনায়েদ।

তিনি জানান, খাসি ছাড়া খাবেন না এবং খাসির ব্যবস্থা না হলে বিয়ের আনুষ্ঠানিকতাও করবেন না। কনের স্বজনরা বিষয়টি সমাধানের চেষ্টা করলেও নিজের সিদ্ধান্তে অনড় থাকেন তিনি। শেষ পর্যন্ত বিয়ে সম্পন্ন না করেই একাই কনের বাড়ি থেকে চলে যান।

কনের বাবা শফিক মিয়া জানান, খাসির বিষয়টি আগে জানানো হলে তিনি অবশ্যই ব্যবস্থা করতেন। কিন্তু বিষয়টি আগে থেকে জানানো হয়নি। এরপরও সবাই তাকে বোঝানোর চেষ্টা করেছেন, তবে তিনি রাজি হননি।

স্থানীয় ইউপি সদস্য আশিক মিয়া বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। বিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এমন পরিস্থিতি কারও কাম্য নয়। তবে ওই যুবকের আচরণ অনেকের কাছেই অস্বাভাবিক মনে হয়েছে।