চট্টগ্রামের ফটিকছড়ি থানার একটি অস্ত্র মামলায় চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরিনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে ইমনের সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুই দফায় তাকে মোট ১৫ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।
গেল ১২ আগস্ট হাটহাজারী থানার ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলায়ও ডেভিড ইমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। এর আগে গত ২ আগস্ট একটি মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত প্রাঙ্গণে ডেভিড ইমনকে কঠোর নিরাপত্তার মধ্যে হাজির করা হয়। শুনানি শেষে পুলিশ তাকে নিয়ে যায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গেল ২৯ জুলাই যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি ও অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ ১৩টি মামলা রয়েছে। এছাড়া একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়েও তদন্ত চলছে।


