...|...|...

লাইফস্টাইল

কাচের মতো উজ্জ্বল ত্বক পেতে ঘরেই বানান ৭ ধরনের কফি স্ক্রাব

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৩৫
Shares
কাচের মতো উজ্জ্বল ত্বক পেতে ঘরেই বানান ৭ ধরনের কফি স্ক্রাব

ছবি: সংগৃহীত

কোরিয়ান গ্লাস স্কিন বা কাচের মতো মসৃণ ও উজ্জ্বল ত্বক পেতে আগ্রহ বাড়ছে অনেকের। এ জন্য বাজারে রয়েছে নানা ধরনের প্রসাধনী। তবে ঘরোয়া উপাদান দিয়েও নেওয়া যায় ত্বকের যত্ন। এমনই একটি উপাদান হলো কফি। পানীয় হিসেবে পরিচিত হলেও ত্বকের যত্নে কফির ব্যবহার বেশ জনপ্রিয়। কফির গুঁড়া দিয়ে তৈরি স্ক্রাব ত্বকের ওপর জমে থাকা মৃত কোষ দূর করতে সাহায্য করে। ফলে ত্বক দেখতে কিছুটা পরিষ্কার ও সতেজ মনে হতে পারে।

আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডা. চঞ্চল শর্মার মতে, কফির স্ক্রাব এক ধরনের ফিজিক্যাল এক্সফোলিয়েটর। এর ক্ষুদ্র কণা ত্বকের ওপরের স্তরের মৃত কোষ অপসারণে সহায়তা করে। কফির সাথে নারকেল তেল, অলিভ অয়েল, মধু কিংবা দই মিশিয়ে সহজেই স্ক্রাব তৈরি করা যায়।

কফিতে থাকা ক্যাফেইন ত্বকের সাময়িক ফোলাভাব কমাতে সহায়ক হতে পারে। বিশেষ করে চোখের নিচের ফোলাভাব কমাতে ক্যাফেইনযুক্ত প্রসাধনী ব্যবহার করা হয়। পাশাপাশি কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের যত্নে ভূমিকা রাখতে পারে। তবে কফি স্ক্রাব ব্যবহার করলেই ত্বক স্থায়ীভাবে উজ্জ্বল বা মসৃণ হয়ে যাবে, এমন নিশ্চয়তা নেই।

ঘরে বসে সহজ কয়েকটি উপাদান দিয়ে যেভাবে তৈরি করবেন ৭ ধরনের কফি স্ক্রাব:

১. কফি, নারকেল তেল ও মধুর স্ক্রাব

প্রথমে ২ টেবিল চামচ কফির গুঁড়ার সাথে ১ টেবিল চামচ নারকেল তেল ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে খুব আলতোভাবে ম্যাসাজ করুন। ১০ থেকে ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

২. কফি, লেবুর রস ও অলিভ অয়েল

২ টেবিল চামচ কফির গুঁড়া, ১ টেবিল চামচ লেবুর রস এবং ১ টেবিল চামচ অলিভ অয়েল একসাথে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে আলতোভাবে ম্যাসাজ করুন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। চোখের আশপাশে ব্যবহার করবেন না। লেবুর রস ত্বকে জ্বালাপোড়া ও সূর্যের আলোতে সংবেদনশীলতা বাড়াতে পারে, তাই এই মিশ্রণ এড়িয়ে চলাই নিরাপদ।

৩. কফি, অ্যালোভেরা ও ক্যামোমাইল

২ টেবিল চামচ কফির গুঁড়ার সাথে ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল ও ১ চা চামচ ঠান্ডা ক্যামোমাইল চা মিশিয়ে নিন। মুখে লাগিয়ে আলতোভাবে ম্যাসাজ করুন। ৫ থেকে ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৪. কফি ও বেন্টোনাইট ক্লে

২ টেবিল চামচ কফির গুঁড়া, ১ টেবিল চামচ বেন্টোনাইট ক্লে এবং প্রয়োজনমতো পানি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রাখুন। এরপর ভালোভাবে ধুয়ে ফেলুন। অ্যাপল সাইডার ভিনেগার ব্যবহার না করাই ভালো, কারণ এটি ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে।

৫. কফি, অ্যাভোকাডো ও জোজোবা অয়েল

একটি অ্যাভোকাডোর এক টেবিল চামচ চটকে নিন। এর সাথে ২ টেবিল চামচ কফির গুঁড়া ও ১ টেবিল চামচ জোজোবা অয়েল মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে আলতোভাবে ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৬. কফি, গ্রিন টি ও রোজহিপ অয়েল

প্রথমে গ্রিন টি তৈরি করে ঠান্ডা করে নিন। এরপর ২ টেবিল চামচ কফির গুঁড়া ও ১ চা চামচ রোজহিপ অয়েলের সাথে প্রয়োজনমতো গ্রিন টি মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে আলতোভাবে ম্যাসাজ করুন। ১০ থেকে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

৭. কফি, ব্রাউন সুগার ও মধু

২ টেবিল চামচ কফির গুঁড়ার সাথে ১ টেবিল চামচ ব্রাউন সুগার ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। মুখে লাগিয়ে বৃত্তাকারে খুব আলতোভাবে ম্যাসাজ করুন। ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। তবে কফি ও চিনির দানার কারণে সংবেদনশীল ত্বকে ঘষাঘষি না করাই ভালো।

কফি স্ক্রাব ব্যবহারে যেসব সতর্কতা জরুরি

ত্বকের যত্নে ঘরোয়া উপাদান ব্যবহার করলেও কিছু বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। নতুন কোনো উপাদান ব্যবহারের আগে ত্বকের ছোট একটি অংশে প্যাচ টেস্ট করে নেওয়া উচিত। স্ক্রাব ব্যবহারের সময় কখনো জোরে ঘষাঘষি করা যাবে না। এতে ত্বকে জ্বালাপোড়া, লালচে ভাব কিংবা ক্ষুদ্র ক্ষত তৈরি হতে পারে।

প্রতিদিন কফি স্ক্রাব ব্যবহার করা ঠিক নয়। বিশেষ করে শুষ্ক, সংবেদনশীল বা ব্রণপ্রবণ ত্বকে দানাদার স্ক্রাব সমস্যা বাড়াতে পারে। তাই এ ধরনের স্ক্রাব ব্যবহারে সতর্ক থাকা এবং ত্বকের ধরন বুঝে সিদ্ধান্ত নেওয়া জরুরি। স্ক্রাব ব্যবহারের পর ময়েশ্চারাইজার লাগাতে হবে। ত্বকে অ্যালার্জি, ব্রণ বা অন্য কোনো সমস্যা থাকলে ব্যবহারের আগে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো।