কলকাতার নিউমার্কেট এলাকায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি নাগরিকদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। নিহতদের পরিবার চাইলে লাশ দেশে আনার খরচ সরকার বহন করবে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশি নাগরিকের লাশ শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একই পরিবারের চারজন সদস্য রয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত মোট নয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক। নিহতরা হলেন সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, তাদের ছেলে শর্ণশিষ দত্ত, দেবাশীষ দত্তের শ্বশুর আকরাম আলী এবং আহমেদ বাবু। এর মধ্যে আহমেদ বাবুর বাড়ি ঢাকার সাভারের আমিনবাজারের বেগুনবাড়ি এলাকায়।
শামা ওবায়েদ ইসলাম বলেন, নিহতদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবার চাইলে লাশ দেশে আনার প্রয়োজনীয় খরচ সরকার বহন করবে।
এদিকে দুর্ঘটনার পর কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের পক্ষ থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অগ্নিকাণ্ডে আহত ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।


