...|...|...

বিশেষ প্রতিবেদন

কনটেন্ট ক্রিয়েটর থেকে রাতারাতি ‘মানবাধিকারকর্মী’, এখতিয়ার ছাড়াই সালিশ

শাহরিয়াজ মোহাম্মদ
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, রাত ১০:১২ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, রাত ১০:১৫
Shares
কনটেন্ট ক্রিয়েটর থেকে রাতারাতি ‘মানবাধিকারকর্মী’, এখতিয়ার ছাড়াই সালিশ

ছবি: টাইমস টুডে।

এক মাস আগেও পরিচয় ছিল কনটেন্ট ক্রিয়েটর। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের ভিডিও তৈরি করেই কাটত সময়। অথচ মাস না ঘুরতেই বদলে গেছে পরিচয়। এখন তারা নিজেদের তুলে ধরছেন মানবাধিকারকর্মী হিসেবে। দামি স্যুট-টাই পরে হাজির হচ্ছেন মানুষের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে। কখনো অভিযোগের তদন্ত করছেন, কখনো বসাচ্ছেন সালিশ। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে হস্তক্ষেপের অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। অথচ এসব কর্মকাণ্ড পরিচালনার আইনগত এখতিয়ার তাদের রয়েছে কি না, তা নিয়েই দেখা দিয়েছে গুরুতর প্রশ্ন।

‘টাইমস টুডের অনুসন্ধানে উঠে এসেছে, মানবাধিকার রক্ষার নামে সক্রিয় এমনই একটি দলের কর্মকাণ্ডের চিত্র।’ অভিযোগ রয়েছে, সাধারণ মানুষের অসহায়ত্ব, ব্যক্তিগত বিরোধ ও স্পর্শকাতর ঘটনাকে সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্টে পরিণত করছেন দলটির সদস্যরা। নিজেদের কার্যক্রমের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দিচ্ছেন অনলাইনে।

অনুসন্ধানে দেখা গেছে, গত অক্টোবরের মাঝামাঝি সময় থেকে দলটির সদস্যদের কার্যক্রমে পরিবর্তন আসে। এর আগে তারা আলাদাভাবে বিভিন্ন ধরনের ভিডিও কনটেন্ট তৈরি করতেন। পরে সংঘবদ্ধ হয়ে নিজেদের ‘মানবাধিকার টিম’ হিসেবে পরিচয় দিতে শুরু করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তাদের বিভিন্ন ভিডিও পর্যবেক্ষণ করে দেখা যায়, কখনো কারও বাসাবাড়িতে, কখনো ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে অভিযোগের সত্যতা যাচাইয়ের নামে বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছেন তারা। কোথাও আবার নিজেরাই সালিশের আয়োজন করছেন। কিছু ঘটনায় পুলিশের কার্যক্রমেও হস্তক্ষেপ করতে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে।

তাদের চলাফেরা, পোশাক ও কথা বলার ধরন এমন যে, অনেকের কাছে তারা সরকারি কোনো সংস্থার কর্মকর্তা বলে মনে হতে পারেন। কিন্তু তাদের এসব কর্মকাণ্ডের পেছনে রাষ্ট্রীয় কোনো অনুমোদন বা আইনগত ক্ষমতা রয়েছে কি না, তার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

বিশেষ করে অনুমতি ছাড়া ব্যক্তিগত সম্পত্তিতে প্রবেশ, অভিযোগের তদন্ত এবং সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় সংশ্লিষ্ট ব্যক্তিদের গোপনীয়তা, সম্মান ও ব্যক্তিগত অধিকার কতটা সুরক্ষিত থাকছে, তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

মানবাধিকার রক্ষার কথা বলে যাদের অভিযোগকারী, ভুক্তভোগী কিংবা অভিযুক্ত হিসেবে ক্যামেরার সামনে হাজির করা হচ্ছে, তাদের সম্মতি ও ব্যক্তিগত মর্যাদা আদৌ যথাযথভাবে রক্ষা করা হচ্ছে কি না, সেটিও এখন বড় প্রশ্ন।

অনুসন্ধানে যাদের নাম

টাইমস টুডের অনুসন্ধানে এই দলের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের নাম উঠে এসেছে। দলটির নেতৃত্বে রয়েছেন বলে জানা গেছে জাকারিয়া হোসেন আপন। তার সঙ্গে কাজ করছেন আহাদ ইমতিয়াজ, আনোয়ার হোসাইন ও ইয়াসীন অপূর্ব।

এ ছাড়া তাদের কার্যক্রমের সঙ্গে জামিলা খাতুন নামে এক নারীর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তিনি নিজেকে সুপ্রিম কোর্টের মানবাধিকার আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে থাকেন।

অনুসন্ধানে আরও জানা যায়, নিজেদের কার্যক্রম পরিচালনায় ‘অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন’ নামে একটি সংগঠনের ব্যানার ব্যবহার করছেন তারা। তবে সংগঠনটির সঙ্গে যুক্ত থাকার মাধ্যমে অন্যের ব্যক্তিগত সম্পত্তিতে প্রবেশ, তদন্ত পরিচালনা কিংবা বিচারিক সিদ্ধান্ত দেওয়ার কোনো আইনগত ক্ষমতা পাওয়া যায় কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

ফাউন্ডেশনের কার্যালয়ে গিয়ে যা জানা গেল

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে রাজধানীর তোপখানা রোডে অবস্থিত অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কার্যালয়ে যান টাইমস টুডের প্রতিবেদক।

সেখানে সাংবাদিক পরিচয় দেওয়ার পর কার্যালয়ে উপস্থিত কয়েকজন ব্যক্তি প্রতিবেদকের সঙ্গে উত্তেজিত আচরণ করেন এবং তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। পরে সংগঠনটির পক্ষ থেকে স্বীকার করা হয়, তাদের সম্মতিতেই কথিত ‘মানবাধিকার টিমের’ সদস্যরা বিভিন্ন স্থানে কার্যক্রম পরিচালনা করছেন।

এ বিষয়ে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ কামরুল ইসলাম টাইমস টুডেকে বলেন, ‘তারা কিছুদিন আগে এসে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। এরপর থেকে তারা সংগঠনটির সঙ্গে কাজ করছেন।’

দলটির সদস্যদের দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, ‘বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বিভিন্ন জায়গায় তাদের সত্যতা যাচাইয়ের জন্য পাঠানো হয়।’

এসব কার্যক্রমের মাধ্যমে সদস্যরা কোনো আর্থিক সুবিধা পান কি না, জানতে চাইলে কামরুল ইসলাম বলেন, ‘আমার জানামতে এখানে তাদের কোনো বেনিফিট হয় না। গোপনে কিছু নিয়ে থাকলে সে ব্যাপারে আমি জানি না।’

তবে অভিযোগ যাচাইয়ের নামে ব্যক্তিগত সম্পত্তিতে প্রবেশ কিংবা সালিশ পরিচালনার ক্ষেত্রে সংগঠনটির সদস্যদের আইনগত ক্ষমতার বিষয়টি স্পষ্ট হয়নি।

‘মানবাধিকার রক্ষার নামে আইন হাতে তুলে নেওয়ার সুযোগ নেই’

এ ধরনের কর্মকাণ্ডের আইনগত দিক সম্পর্কে জানতে চাইলে সুপ্রিম কোর্টের আইনজীবী ও ‘আইন ও অধিকার এইড’-এর চেয়ারম্যান অ্যাডভোকেট সাইফুল হোসাইন তপু বলেন, ‘কারও ব্যক্তিগত সম্পত্তিতে বা বাসাবাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করা এবং নিজেরাই সালিশ বা বিচার বসানো দেশের প্রচলিত আইনে সম্পূর্ণ বেআইনি। এটি এক ধরনের ফৌজদারি অপরাধ। মানবাধিকার রক্ষার নামে কেউ নিজের হাতে আইন তুলে নিতে পারে না।’

তিনি বলেন, মানবাধিকার সংগঠনের প্রধান দায়িত্ব হলো মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা, তথ্য সংগ্রহ করা এবং সেসব তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা। কিন্তু কোনো সংগঠন চাইলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা বিচারিক কর্তৃপক্ষের ভূমিকা পালন করতে পারে না।

সাইফুল হোসাইন তপু আরও বলেন, ‘মানবাধিকার সংগঠনগুলোর প্রকৃত কাজ হলো এসব বিষয় পর্যবেক্ষণ করা এবং সে অনুযায়ী প্রতিবেদন তৈরি করা। তারা নিজেরা আইন হাতে তুলে নিতে বা কোনো ব্যবস্থা নিতে পারে না।’

তার মতে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে তৈরি প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা যেতে পারে। প্রয়োজন হলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছেও তথ্য পাঠানো সম্ভব। কিন্তু এসব কাজের আড়ালে কাউকে জোরপূর্বক জিজ্ঞাসাবাদ, ভয়ভীতি প্রদর্শন কিংবা বিচারিক ক্ষমতা প্রয়োগের সুযোগ নেই।

‘মানুষের অসহায়ত্বকে কনটেন্ট বানানো হচ্ছে’

বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক। তিনি বলেন, ‘সাধারণ মানুষের সমস্যা আর অসহায়ত্ব এই চক্রটির কাছে সামাজিক যোগাযোগমাধ্যমের একেকটি কনটেন্ট মাত্র। ভিউ কামানোর এই অসুস্থ প্রতিযোগিতার কারণে সমাজে অস্থিরতা তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন।’

তার মতে, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিজেদের এমনভাবে উপস্থাপন করেন, যেন তারা রাষ্ট্রের পক্ষ থেকে বিশেষ দায়িত্ব পালন করছেন। মানুষের ব্যক্তিগত বিরোধ কিংবা সংকটের খবর সংগ্রহ করে সেখানে হাজির হওয়ার প্রবণতাও তাদের কর্মকাণ্ডে দেখা যাচ্ছে।

এ ধরনের কার্যক্রমের আড়ালে অনৈতিক আর্থিক সুবিধা আদায়ের ঝুঁকিও রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে নির্দিষ্ট কোনো ঘটনায় অর্থ লেনদেন হয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

ড. তৌহিদুল হক বলেন, ‘মানবাধিকারকর্মী বা কনটেন্ট ক্রিয়েটর, যে পরিচয়ই দেওয়া হোক না কেন; তারা যতই দামি স্যুট-টাই পরুক আর দাপট দেখাক না কেন, তাদের এ ধরনের বেআইনি কর্মকাণ্ড পরিচালনার কোনো সুযোগ নেই।’

অভিযোগগুলো তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।

প্রশ্নের মুখে মানবাধিকারের নামে তৎপরতা

মানবাধিকার রক্ষার নামে পরিচালিত এসব কর্মকাণ্ডে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। কোনো বেসরকারি সংগঠনের পরিচয় ব্যবহার করে ব্যক্তিগত বিরোধের তদন্ত বা বিচারিক সিদ্ধান্ত দেওয়া যায় কি না, অভিযোগ যাচাইয়ের নামে কারও বাড়িতে প্রবেশের সীমা কোথায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ঘটনার ভিডিও প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের অধিকার কতটা সুরক্ষিত থাকছে- এসব প্রশ্নের উত্তর জরুরি হয়ে উঠেছে।

বিশেষজ্ঞদের মতে, মানবাধিকার প্রতিষ্ঠার মূল ভিত্তি হলো মানুষের মর্যাদা, স্বাধীনতা ও আইনি সুরক্ষা নিশ্চিত করা। ফলে মানবাধিকার রক্ষার নামে পরিচালিত কোনো কার্যক্রমেই ব্যক্তির অধিকার ক্ষুণ্ন হওয়ার সুযোগ নেই।

টাইমস টুডের অনুসন্ধানে উঠে আসা অভিযোগগুলো এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তের দাবি রাখে। কারণ, মানবাধিকার রক্ষার পরিচয় ব্যবহার করলেই কেউ আইনের ঊর্ধ্বে উঠে যান না।