...|...|...

রাজধানী

কচিকণ্ঠের আসরের বিশ্ব শিশু দিবস-২০২৬ উদযাপন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৩৭
Shares
কচিকণ্ঠের আসরের বিশ্ব শিশু দিবস-২০২৬ উদযাপন

কেন্দ্রীয় কচিকণ্ঠের আসরের উদ্যোগে নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব শিশু দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (৪ অক্টোবর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার শিশুদের প্রতি বিশেষ যত্নশীল। 

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কচিকণ্ঠের আসর, ইউএসএর ভাইস প্রেসিডেন্ট ও সিইও হাসিব এ. হোসেন।

বিশ্ব শিশু দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ছিল- ‘শিশুদের কথা শুনুন, প্রতিটি শিশুর অধিকার রক্ষায় প্রতিদিন সোচ্চার হোন।’ প্রতিপাদ্যকে সামনে রেখে শিশুদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও সার্বিক বিকাশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

কচিকণ্ঠের আসর, ইউএসএর ভাইস প্রেসিডেন্ট ও সিইও হাসিব এ. হোসেন বলেন, প্রতিটি শিশুর জন্য নিরাপদ, সুন্দর, বৈষম্যহীন ও শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। শিশুদের কথা শোনা, তাদের মতামতকে গুরুত্ব দেওয়া এবং শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা ও বিকাশের অধিকার নিশ্চিত করতে পরিবার, সমাজ, রাষ্ট্র ও সংশ্লিষ্ট সব পক্ষকে আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

আন্তর্জাতিক শিশু সংগঠন কচিকণ্ঠের আসর ১৯৭৬ সালে যাত্রা শুরু করে। বাংলাদেশ সরকারের অনুমোদিত এই জাতীয় শিশু সংগঠনটি দেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রায় পাঁচ দশক ধরে সংগঠনটি শিশু-কিশোরদের শিক্ষা, সৃজনশীলতা, নৈতিকতা ও নেতৃত্বের বিকাশ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

বিশ্ব শিশু দিবসের এই আয়োজনকে ঘিরে শিশু-কিশোরদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানের শেষ পর্বে শিশুদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণ ও তাদের অধিকার নিয়ে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।