...|...|...

বিশ্ব

কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষে নিহত অন্তত ২২

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, সকাল ১১:০৯
Shares
কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষে নিহত অন্তত ২২

ছবি: সংগৃহীত

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের কঙ্গো নদীতে দুটি নৌকার সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ৫৯ জনকে। সংবাদমাধ্যম রয়টার্স  জানায়, শনিবার (৩ অক্টোবর) স্থানীয় সময় রাত ২টার দিকে পশ্চিমাঞ্চলীয় ইকুয়েটর প্রদেশের লুকোলেলা এলাকার এনগোম্বে শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে।

প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিসপিন পুতু বার্তা সংস্থা রয়টার্সকে জানান, একটি বাণিজ্যিক নৌকার সঙ্গে যাত্রীবাহী নৌকার সংঘর্ষ হয়। বাণিজ্যিক নৌকাটি কিনশাসা ও এমবান্দাকার মধ্যে চলাচল করত। অন্য নৌকাটি যাত্রী নিয়ে মোঙ্গালা প্রদেশ থেকে কিনশাসার দিকে যাচ্ছিল।

সংঘর্ষের পর যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। নিরাপত্তা বাহিনীর একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, নৌকাটিতে ১৬৩ জন যাত্রী ছিলেন।

পুতু জানান, দুর্ঘটনার পর ২২ জনের মরদেহ উদ্ধার করে দাফন করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৫৯ জনকে। তবে নিহত আরও কাউকে অন্য কোথাও দাফন করা হয়ে থাকতে পারে বলেও জানান তিনি।

ডুবে যাওয়া নৌকাটি নদীর ১২ মিটার গভীরে রয়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত সেটি উদ্ধারের চেষ্টা চলছিল বলে জানিয়েছেন পুতু।

পশ্চিম কঙ্গোর বিস্তীর্ণ অঞ্চলে যাতায়াত ও বাণিজ্যের প্রধান মাধ্যম নদীপথ। কঙ্গো নদীর তীর ঘিরেই গড়ে উঠেছে বিভিন্ন শহর ও জনপদ। তবে অতিরিক্ত যাত্রী বহন এবং নৌযানের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে।