...|...|...

সারাদেশ

কক্সবাজারে অটোরিকশা থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৩৮
Shares
কক্সবাজারে অটোরিকশা থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারে অটোরিকশা থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার। ছবি: সংগৃহীত

কক্সবাজারে বিশেষ অভিযান চালিয়ে তিন লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। 

তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি ছলিম উল্লাহ ও তার এক সহযোগী পালিয়ে যান।

সোমবার (১২ অক্টোবর) এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার সদর থানার দক্ষিণ খুরুলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসআরবি-১৫ সদর কোম্পানির একটি আভিযানিক দল। এ সময় আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি ছলিম উল্লাহ ও তার এক অজ্ঞাতনামা সহযোগী মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি ফেলে পালিয়ে যান।

পরে পরিত্যক্ত সিএনজি অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে কৌশলে লুকিয়ে রাখা তিন লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন ব্যাটালিয়নের সদস্যরা। একইসাথে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।

এ ঘটনায় পলাতক ছলিম উল্লাহ ও তার অজ্ঞাতনামা সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

 উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা যানবাহন সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।