নাটোর রেলওয়ে স্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) নাটোর শহরের নিচা বাজার এলাকা থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়। তবে চুরি হওয়া ব্যাগে থাকা অন্যান্য জিনিসপত্র উদ্ধার হয়েছে কি না, তা জানা যায়নি।
নাটোর সদর মডেল থানা পুলিশ ল্যাপটপ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। ল্যাপটপ ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভুক্তভোগী পর্যটক ক্রিল। গণমাধ্যমকে তিনি বলেন, অবশেষে আমার ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। আমি খুব খুশি। রবিবার রাতেই আমার ঢাকা ছেড়ে যাওয়ার পরিকল্পনা ছিল। এখন ভাবছি কালকে ল্যাপটপ নিয়ে তারপর যাব।
গত ৭ অক্টোবর বগুড়ার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শন শেষে ট্রেনে সান্তাহার হয়ে নাটোর রেলওয়ে স্টেশনে আসেন জার্মান নাগরিক ক্রিল ল্যান্ডার। স্টেশনে হলুদ ভেস্ট পরা এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে তার সাথে সখ্য গড়ে তোলেন।
একপর্যায়ে এটিএম থেকে টাকা তুলতে যাওয়ার আগে নিজের ব্যাগটি ওই যুবকের কাছে রেখে যান ক্রিল। ফিরে এসে ব্যাগসহ ওই যুবককে আর খুঁজে পাননি তিনি। ব্যাগটিতে একটি ল্যাপটপ, ক্যামেরাসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র ছিল।
পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে বুধবার রাতে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ শুরু করা হয়। ফুটেজে দেখা যায়, হলুদ রঙের কটি পরা এক যুবক কৌশলে জার্মান পর্যটকের সাথে বন্ধুত্ব গড়ে তোলেন। পরে সুযোগ বুঝে নিজের কটি খুলে চুরি করা ব্যাগটি তার ভেতরে লুকিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন ওই যুবক।


