নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। ল্যাপটপ ফিরে পাওয়ার খবরে আনন্দ প্রকাশ করেছেন তিনি। রবিবার রাতেই ঢাকা ছাড়ার পরিকল্পনা থাকলেও ল্যাপটপ ফিরে পাওয়ার পর পরদিন যাত্রা করার কথা ভাবছেন এই পর্যটক।
রবিবার (১১ অক্টোবর) রাতে নাটোর শহরের নিচা বাজার এলাকা থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়। নাটোর সদর মডেল থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
ল্যাপটপ ফিরে পাওয়ার প্রতিক্রিয়ায় ক্রিল ল্যান্ডার বলেন, ‘অবশেষে আমার ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। আমি খুব খুশি। রবিবার রাতেই আমার ঢাকা ছেড়ে যাওয়ার পরিকল্পনা ছিল। এখন ভাবছি কালকে ল্যাপটপ নিয়ে তারপর যাব।’
এর আগে গত ৭ অক্টোবর বগুড়ার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা ঘুরে দেখার পর ট্রেনে সান্তাহার হয়ে নাটোর রেলওয়ে স্টেশনে পৌঁছান ক্রিল ল্যান্ডার। সেখানে হলুদ ভেস্ট পরা এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে তার সাথে পরিচিত হন এবং সখ্য গড়ে তোলেন।
একপর্যায়ে এটিএম বুথ থেকে টাকা তুলতে যাওয়ার সময় নিজের ব্যাগটি ওই যুবকের কাছে রেখে যান জার্মান পর্যটক। টাকা তুলে ফিরে এসে ব্যাগসহ ওই যুবককে আর খুঁজে পাননি তিনি। ব্যাগে একটি ল্যাপটপ, ক্যামেরাসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র ছিল।
পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে বুধবার রাতে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করা হয়। পরে রেলওয়ে স্টেশনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করেন সংশ্লিষ্টরা।
ফুটেজে দেখা যায়, হলুদ রঙের কটি পরা এক যুবক কৌশলে জার্মান পর্যটকের সাথে সখ্য গড়ে তোলেন। পরে সুযোগ বুঝে নিজের কটি খুলে চুরি করা ব্যাগটি তার ভেতরে লুকিয়ে ফেলেন। এরপর দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যান ওই যুবক।
পরে রবিবার রাতে নাটোর শহরের নিচা বাজার এলাকা থেকে চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার করে পুলিশ।


