...|...|...

রাজনীতি

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে মহাসমাবেশের ডাক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৫৪
Shares
ওসমান হাদি হত্যার বিচার দাবিতে মহাসমাবেশের ডাক

ওসমান হাদি। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তিন দফা দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। এ কর্মসূচি থেকে আগামী ১৮ ডিসেম্বর রাজধানীর শাহবাগে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন সংগঠনটির নেতাকর্মী ও সমর্থকেরা। মিছিলটি কাটা পাহাড় সড়ক ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন আব্দুল্লাহ আল জাবের। পরে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি এবং সংগঠনের কর্মসূচি ও দাবির বিষয়ে কথা বলেন।

ইনকিলাব মঞ্চের ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে-ওসমান হাদি হত্যার বিচার, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং শাপলা, পিলখানা ও জুলাই গণহত্যার বিচার।

সমাবেশে আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি ব্যক্তিগত শত্রুতার কারণে শহীদ হননি। তার সঙ্গে কারও জমি নিয়ে বিরোধ ছিল না, ব্যক্তিগত কোনো মামলাও ছিল না। তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে গিয়ে শহীদ হয়েছেন। তার হত্যার বিচার করা বাংলাদেশ রাষ্ট্রের ওপর ফরজ।

তিনি আরও বলেন, ‘এই বিচারের মাধ্যমে ওসমান হাদি কিছুই পাবেন না, কিন্তু বাংলাদেশ একটি ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করবে। একজন মানুষ বাংলাদেশের নাগরিক হিসেবে তার সঙ্গে হওয়া জুলুমের বিচার পাবেন। আমরা চাই, বাংলাদেশের একজন কৃষক, ভ্যানচালক, রিকশাচালক, শ্রমিক তিনি যে-ই হোন না কেন, তার সঙ্গে ঘটা জুলুমের বিচার তিনি বাংলাদেশের নাগরিক হওয়ার সুবাদে পাবেন। সেখানে কোনো রাজনৈতিক বা সামাজিক প্রভাব মুখ্য বিষয় হবে না।’

বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইনকিলাব মঞ্চের এই নেতা বলেন, ভারতে আটক ওসমান হাদির দুই হত্যাকারীকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

এ সময় আগামী ১৮ ডিসেম্বর রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের উদ্যোগে মহাসমাবেশ আয়োজনের ঘোষণা দেন আব্দুল্লাহ আল জাবের। সংগঠনটির তিন দফা দাবি আদায়ে ওই কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।