২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের নির্বাচনি (টেস্ট) পরীক্ষা আগামী ২৮ অক্টোবর থেকে শুরু হয়ে ১০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে টেস্ট পরীক্ষা ও ফরম পূরণসংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিগত পরীক্ষায় অকৃতকার্য ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ছাড়া সব নিয়মিত শিক্ষার্থীর জন্য এই নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণ করা সম্পূর্ণ বাধ্যতামূলক। এই টেস্ট পরীক্ষার ফলাফল আগামী ১৫ নভেম্বর (২০২৬) তারিখের মধ্যে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিলেবাসের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৭ সালের নির্ধারিত এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশ নেবে। অন্যদিকে অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা দিতে হবে।
এ ছাড়া সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার এডুকেশন বিষয়গুলোর নম্বর এনসিটিবির নির্দেশনা অনুযায়ী ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে দেওয়া হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এই নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠানোর পাশাপাশি মূল নম্বর ফর্দ মাধ্যমিক পরীক্ষা শাখায় সরাসরি জমা দেবে।


