এসআরবি ফোর্সেসের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ফারুক আহমেদ।
রবিবার (৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মো. ফারুক আহমেদ ১৯৯৮ সালে ১৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। কর্মজীবনের শুরুতে তিনি রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।
দীর্ঘ কর্মজীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন তিনি। এর মধ্যে ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি), ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এবং র্যাব সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। এ ছাড়া তিনি হাইওয়ে পুলিশের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আওতায় লাইবেরিয়া ও সুদানেও দায়িত্ব পালন করেছেন ফারুক আহমেদ।
শিক্ষাজীবনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন তিনি।
নতুন দায়িত্ব গ্রহণের পর প্রথম স্বাগত দরবারে বাহিনীর সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন এসআরবি ফোর্সেসের মহাপরিচালক। এ সময় জনকল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারত্ব, জবাবদিহি ও নিয়মতান্ত্রিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।
পাশাপাশি দেশের জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এসআরবি ফোর্সেসকে একটি আদর্শ ও দৃষ্টান্তমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বাহিনীর সব পর্যায়ের সদস্যকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান নতুন মহাপরিচালক।


