লা লিগায় শিরোপা ধরে রাখার মিশনে দারুণ এক জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছে বার্সেলোনা। ২০২৬-২৭ মৌসুমের প্রথম ম্যাচে এলচেকে তাদের মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে হ্যান্সি ফ্লিকের দল।
বার্সেলোনার হয়ে জোড়া গোল করেছেন রাফিনিয়া ও ফেরমিন লোপেজ। অভিষেক ম্যাচেই গোলের দেখা পেয়েছেন করিম আদেয়েমি। আর বদলি হিসেবে নেমে জোড়া অ্যাসিস্ট করে নজর কেড়েছেন অ্যান্থনি গর্ডন।
এলচের মাঠ এস্তাদিও ম্যানুয়েল মার্তিনেজ ভালেরোতে ম্যাচের ১৪তম মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। ভিক্টর চুস্তের টেনে ধরায় পাওয়া পেনাল্টি থেকে গোল করেন রাফিনিয়া। প্রথমার্ধের যোগ করা সময়ে রাফিনিয়ার পাস থেকে বার্সেলোনার হয়ে অভিষেকেই গোল করেন আদেয়েমি।
বিরতির পর লামিনে ইয়ামালকে তুলে অ্যান্থনি গর্ডনকে মাঠে নামান ফ্লিক। লা লিগায় অভিষেকেই নিজের সামর্থ্যের প্রমাণ দেন ইংলিশ এই ফরোয়ার্ড। ৬৭তম মিনিটে গর্ডনের দারুণ পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনিয়া।
চার মিনিট পর আবারও গর্ডনের নিখুঁত পাস। এবার সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ফেরমিন লোপেজ। ম্যাচের ৭৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে এলচের কফিনে শেষ পেরেক ঠুকে দেন এই স্প্যানিশ মিডফিল্ডার।
শেষ দিকে গর্ডনের একটি শটও ঠেকিয়ে দেন এলচের গোলরক্ষক মাতিয়াস দিতুরো। তবে ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বার্সেলোনার হাতে।
গত মৌসুমে লা লিগায় ৯৫ গোল করেছিল বার্সেলোনা, যা দ্বিতীয় সর্বোচ্চ গোল করা দলের চেয়ে ১৮টি বেশি। নতুন মৌসুমের শুরুতেই ৫ গোলের বড় জয় পেয়ে সেই আক্রমণাত্মক ধারাবাহিকতা ধরে রাখার বার্তা দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
এলচের বিপক্ষে এটি বার্সেলোনার টানা ১১তম লিগ জয়। ম্যাচটি রাফিনিয়ার জন্যও ছিল বিশেষ। বার্সেলোনার হয়ে নেওয়া ৯টি পেনাল্টির সবকটিতেই গোল করেছেন তিনি।


