তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান প্রায় প্রতিদিনই ইসরায়েলের ধ্বংস কামনা করেন বলে অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে এরদোয়ানকে ‘স্বৈরাচারী’ আখ্যা দিয়ে একের পর এক অভিযোগ তোলেন নেতানিয়াহু। তিনি দাবি করেন, তুরস্ক এখন ইহুদি-বিদ্বেষী মিথ্যাচারের ব্যাপক বিস্তার ঘটানো একটি দেশে পরিণত হয়েছে।
নেতানিয়াহুর অভিযোগ, এরদোয়ান সিরিয়া দখল করতে চান। এ প্রসঙ্গে তিনি বলেন, এতে অবাক হওয়ার কিছু নেই, কারণ তুরস্কের প্রেসিডেন্ট প্রায় প্রতিদিনই ইসরায়েলের ধ্বংস কামনা করেন।
এরদোয়ানকে উদ্দেশ করে নেতানিয়াহু আরও বলেন, তিনি দাবি করেন যে তুরস্কের প্রেসিডেন্ট একসময় জেরুজালেমের শাসক হওয়ার কথা বলেন। তবে সেটি কখনোই সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি।
জাতিসংঘের মঞ্চে তুরস্কের সমালোচনা করতে গিয়ে নেতানিয়াহু আরও দাবি করেন, এরদোয়ান হামাসের নেতাদের আশ্রয় দেন। পাশাপাশি তুর্কি প্রেসিডেন্টকে ‘স্বৈরাচারী’ হিসেবে আখ্যায়িত করেন তিনি।


