...|...|...

জাতীয়

এমপি নজরুলের স্ত্রীর মৃত্যু, লাশ উদ্ধারের ঘটনায় সামনে আসছে যেসব প্রশ্ন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৫৭ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:০২
Shares
এমপি নজরুলের স্ত্রীর মৃত্যু, লাশ উদ্ধারের ঘটনায় সামনে আসছে যেসব প্রশ্ন

ছবি: সংগৃহীত

রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে তার মৃত্যু হলো এবং ঘটনার সময় ফ্ল্যাটে কারা ছিলেন, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ জানায়, সন্ধ্যার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ফ্যানের সাথে মরিয়মের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। রহস্য উন্মোচনে পিবিআই ও সিআইডির ফরেনসিক টিম আলামত সংগ্রহ করেছে। তবে কখন এই ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, সম্প্রতি মরিয়ম খাতুন ও এমপি জিএম নজরুল ইসলামের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল। মরিয়মের পরিবার ও এমপি নজরুল ইসলাম প্রকাশ্যে বিয়ের বিষয়টি স্বীকার করেছিলেন।

মরিয়ম নিজেও এক ভিডিও বার্তায় নজরুলকে তার বৈধ স্বামী বলে দাবি করেন। বিয়ের নথিপত্র ও সময়সীমা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নানা প্রশ্ন উঠলেও এমপির প্রথম স্ত্রী বিষয়টি জানতেন বলে জানিয়েছিলেন।

এমন পরিস্থিতিতেই ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে ১৯ বছর বয়সী এই তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনা ঘটল। পুরো বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ এখন তদন্ত চালাচ্ছে।