...|...|...

সারাদেশ

এবার ‘জয় বাংলা’ বলে কলাভর্তি চলন্ত পিকআপে আগুন

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, রাত ১১:৫৯
Shares
এবার ‘জয় বাংলা’ বলে কলাভর্তি চলন্ত পিকআপে আগুন

বাগেরহাটে কলাবোঝাই চলন্ত একটি পিকআপ ভ্যানের টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

বাগেরহাট সদর উপজেলার মানিকতলা এলাকায় কলাবোঝাই চলন্ত একটি পিকআপ ভ্যানের টায়ারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তন্ময় ভাই’ স্লোগান দেয় তারা। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কলাবোঝাই পিকআপটি মানিকতলা এলাকা দিয়ে যাওয়ার সময় দুটি মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক সেটির গতিরোধ করে। পরে তারা পিকআপের টায়ারে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় তাদের আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

পিকআপচালক জানান, দুটি মোটরসাইকেলে করে পাঁচজন যুবক এসে গাড়িটির সামনে থামে। এরপর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তন্ময় ভাই’ স্লোগান দিয়ে পিকআপের টায়ারে আগুন ধরিয়ে দেয়। পরে তারা দ্রুত পালিয়ে যায়। তবে হামলাকারীদের কাউকে চিনতে পারেননি তিনি।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন বলেন, মানিকতলা এলাকায় কলাবোঝাই পিকআপের টায়ারে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

এদিকে একই দিন গাজীপুরের কালিয়াকৈরেও একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চন্দ্রা এলাকার কাজলী সিএনজি পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটির পেছনের অংশ থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে বাসটির ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় বাসের মালিক আজাদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।