...|...|...

খেলা

এবার রেফারিকে ব্যঙ্গ করে নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, রাত ৯:৩৬
Shares
এবার রেফারিকে ব্যঙ্গ করে নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো

ক্রিস্তিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

জাতীয় দল থেকে অবসর নেওয়ার আগে নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। এবার আল নাসরের জার্সিতেও শাস্তির শঙ্কায় এই পর্তুগিজ মহাতারকা।

এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে মঙ্গলবার (২৪ নভেম্বর) আল-সাদের বিপক্ষে আল নাসরের ২-১ গোলের জয়ের ম্যাচে এক ম্যাচ অফিশিয়ালের দিকে বিতর্কিত ইঙ্গিত করায় শাস্তি পেতে পারেন তিনি।

ম্যাচের ১৩তম মিনিটে পেনাল্টি থেকে ক্যারিয়ারের ৯৮৭তম গোল করেন রোনালদো। এর ২০ মিনিট পরই নিজের ৯৮৮তম গোলটি পেয়ে গেছেন বলে ধরে নিয়েছিলেন তিনি; কিন্তু অফসাইডের বাঁশিতে তা বাতিল হয়ে যায়।

প্রথমার্ধের মাঝামাঝি সময়ে আল-সাদের হয়ে মোহাম্মদ ওয়াদ সমতা ফেরানোর পর জোয়াও ফেলিক্সের চমৎকার ওভারহেড কিকে আবারও এগিয়ে যায় সৌদি আরবের দলটি।

দ্বিতীয়ার্ধে অফসাইডের আরেকটি সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ওঠেন রোনালদো। বক্সের ভেতরে ফাউলের শিকার হয়েছেন দাবি করে পেনাল্টি চেয়েছিলেন তিনি। তবে জর্ডানের রেফারি আদহাম মাখাদমেহ সে আবেদন নাকচ করেন এবং সহকারী রেফারি অফসাইডের পতাকা তোলায় উল্টো আল-সাদকে ফ্রি-কিক দেন।

রিপ্লেতে দেখা যায়, রেফারি ও সহকারী রেফারি সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন। কিন্তু অফসাইডের সিদ্ধান্তে ক্ষুব্ধ রোনালদো সহকারী রেফারিকে ব্যঙ্গ করে প্রতিক্রিয়া জানান। প্রথমে হাত দিয়ে চোখ ঢেকে নেন এবং পরে পতাকা ওড়ানোর ভঙ্গি করেন যা স্পষ্টতই ওই ম্যাচ অফিশিয়ালের উদ্দেশে করা ব্যঙ্গাত্মক ইঙ্গিত ছিল।

সংবাদমাধ্যম ‘গোল’ জানিয়েছে, এমন আচরণের কারণে শাস্তির মুখে পড়তে পারেন রোনালদো; এমন আশঙ্কা করছেন আল নাসরের সমর্থকেরা।

রোনালদোর ওপর নিষেধাজ্ঞা এলে এএফসি চ্যাম্পিয়নস লিগে আল নাসরের সামনের কয়েকটি ম্যাচে তাকে বাইরে থাকতে হতে পারে। এলিট পর্যায়ের গ্রুপ ‘বি’-তে প্রথম চার ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে বর্তমানে পঞ্চম স্থানে আছে আল নাসর।