সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) দলীয়করণের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। পিএসসির চেয়ারম্যানের পর দুই সদস্যের পদত্যাগের ঘটনায় অদৃশ্য চাপের অভিযোগ তুলে তিনি বলেছেন, এর মাধ্যমে পিএসসিকে দলীয়করণের চেষ্টা করছে বিএনপি।
রবিবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে সাদিক কায়েম এসব অভিযোগ করেন।
তিনি বলেন, এবার পিএসসির দিকে শকুনের নজর বিএনপি সরকারের। চেয়ারম্যানের পর অদৃশ্য চাপে পদত্যাগ করেছেন দুই সদস্য। লক্ষ্য পিএসসিকে দলীয়করণ করে লক্ষ লক্ষ শিক্ষিত বেকারের ভবিষ্যৎ ধ্বংস করা।
পিএসসিকে ঘিরে প্রশ্নফাঁস, যাচাই-বাছাইয়ের নামে মেধাবীদের বাদ দেওয়া এবং দলীয় নিয়োগের মতো অভিযোগ তুলে সাদিক কায়েম বলেন, প্রশ্নফাঁস, ভেরিফিকেশনের নামে মেধাবীদের ছাঁটাই, দলীয় নিয়োগ, একের পর এক ষড়যন্ত্র চলছেই!
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ছাত্রসমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলবেন না। আগুন ছড়ালে পতনের কাউন্টডাউন কিন্তু থামবে না।
বিবৃতির শেষে তিনি লেখেন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ।


