চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর বিনিয়োগ ভবনের সামনে এ ঘটনা ঘটে।
আন্দোলনকারীদের দাবি, পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি সাজ্জাদ জহির চন্দন, মনিরুজ্জামান মিলন, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মনীষা চক্রবর্তী এবং ছাত্র ইউনিয়নের আসিফ জামান রয়েছেন বলে জানান আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার বিকেল ৩টায় বিনিয়োগ ভবনের ইনভেস্ট বাংলাদেশ অডিটোরিয়ামে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে এনসিটি পরিচালনার কনসেশন চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে থেকেই ভবনের সামনে অবস্থান নিয়ে চুক্তির বিরোধিতা করে বিক্ষোভ করছিল বিভিন্ন বাম সংগঠন ও জোটের নেতাকর্মীরা।
আন্দোলনকারীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হওয়ার খবর পাওয়ার পরপরই পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। এ সময় বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়।
আহতদের একজন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য সীমা দত্ত বলেন, তাদের কয়েক দফা পুলিশ বাধা দেয়। পরে ভেতর থেকে চুক্তি স্বাক্ষর হয়ে যাওয়ার খবর পাওয়ার পর পুলিশ তাদের ওপর হামলা ও লাঠিচার্জ করে।
তিনি দাবি করেন, এ ঘটনায় সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, মনিরুজ্জামান মিলন, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মনীষা চক্রবর্তী, ছাত্র ইউনিয়নের আসিফ জামানসহ কয়েকজন আহত হয়েছেন।
তবে পুলিশ বলছে, চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়েছে।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, আন্দোলনকারীরা ভবনের সামনে জড়ো হয়ে বিশৃঙ্খলা করছিলেন। এমনকি তারা গেটের সামনে গাড়ির চলাচলে বাধা দিয়ে রাস্তায় শুয়ে পড়ছিলেন। এতে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছিল। পরে তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।
এদিকে এনসিটি পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে আন্দোলনকারীরা চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন।



