...|...|...

জাতীয়

এনআইডি সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ সতর্কবার্তা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৪০
Shares
এনআইডি সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন নিয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সামাজিক যোগাযোগমাধ্যমে এনআইডি সংশোধনের প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্র হাতিয়ে নিচ্ছে অর্থ। নির্বাচন কমিশনের কর্মকর্তা পরিচয়ে এমন প্রতারণা থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসি। একই সাথে এনআইডি সংক্রান্ত যেকোনো সেবা পেতে নির্ধারিত দাফতরিক কার্যালয়ে যোগাযোগ এবং হটলাইন ১০৫ নম্বরে কল করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখা থেকে রবিবার (১৫ নভেম্বর) পাঠানো বিজ্ঞপ্তিতে সতর্কবার্তাটি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে একদল প্রতারক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। এ সময় প্রতারক চক্রের সদস্যরা নিজেদের নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিচ্ছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ব্যক্তিগত ছবিও ব্যবহার করছে তারা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এনআইডি সংশোধনসহ জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অন্য যেকোনো সেবা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপ, ফেসবুকসহ কোনো ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে না।

এ অবস্থায় এনআইডি সংক্রান্ত যেকোনো সেবা পেতে সাধারণ মানুষকে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।

পাশাপাশি এনআইডি সংক্রান্ত সেবা ও প্রয়োজনীয় তথ্য জানতে নির্বাচন কমিশনের নির্ধারিত হটলাইন নম্বর ১০৫-এ কল করে কথা বলার আহ্বান জানিয়েছে ইসি।