...|...|...

জাতীয়

এত ভারত ভারত না করে নিজের দেশের কথা চিন্তা করুন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:৪৪ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:২৫
Shares
এত ভারত ভারত না করে নিজের দেশের কথা চিন্তা করুন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। ছবি: সংগৃহীত

ভারতের প্রতি অতিরিক্ত কৌতূহল পরিহার করার আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, ‘লাঞ্চে ইন্ডিয়া, ডিনারে ইন্ডিয়া—এসব বাদ দিন। এত ভারত ভারত না করে নিজের দেশের কথা চিন্তা করুন।’

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ূন কবির জানান, বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সঙ্গে সুসম্পর্ক জোরদার করার আগ্রহ রয়েছে। দুই দেশের সম্পাদিত চুক্তিগুলো সংসদীয় কমিটি পর্যালোচনা করছে এবং ভারতের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়েও সরকার আগ্রহী। পাশাপাশি সীমান্তে বেসামরিক নাগরিক হত্যা ও নিরাপত্তার বিষয়গুলো নিয়ে নিয়মিত আলোচনা চলছে।

একই ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের প্রধান হিসেবে সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ প্রক্রিয়ায় চরম ত্রুটি ছিল বলে মন্তব্য করেন তিনি। সায়েমা ওয়াজেদের এই বিতর্কিত নিয়োগকে জাতিসংঘের জন্য ‘লজ্জাজনক’ উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, এ পদে মালদ্বীপের নতুন প্রার্থীকে সমর্থন দিচ্ছে বাংলাদেশ।

সংবাদ ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী আরও জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে একাধিক দেশের শীর্ষ নেতাদের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে রোহিঙ্গা সমস্যাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হবে। এ ছাড়া বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সরকার যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের সাথে যৌথভাবে কাজ করছে।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে ভারত প্রসঙ্গ নিয়ে মন্তব্য করতে গিয়ে প্রতিমন্ত্রী পুনরায় বিষয়টি স্পষ্ট করেন। তিনি বলেন, ভারত প্রসঙ্গে এত বুঁদ না থেকে দেশের স্বার্থ রক্ষা ও উন্নয়নই হওয়া উচিত মূল লক্ষ্য। তবে দেশের স্বার্থে যদি ভারতের সাথে কোনো কাজের সুযোগ তৈরি হয়, সরকার অবশ্যই সেই সুযোগ কাজে লাগাবে।