রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় লেনিনগ্রাদ অঞ্চলে ইউক্রেনের চালানো হামলায় ১৪৬টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মস্কো। মঙ্গলবার (১০ নভেম্বর) টেলিগ্রামে দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছেন অঞ্চলটির গভর্নর আলেকসান্দর দ্রোজদেনকো। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ড্রোন প্রতিহত করতে পাল্টা ব্যবস্থা এখনো অব্যাহত রয়েছে।
তবে ড্রোনগুলো কোথা থেকে এসেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এর আগে সোমবার ইউক্রেনের একটি ড্রোন লেনিনগ্রাদ অঞ্চলের কিরিশি এলাকায় রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগারে আঘাত হানে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওই হামলায় এক নারী নিহত হন।
এদিকে, বুধবার গভর্নর দ্রোজদেনকো জানান, বাল্টিক সাগরের তীরবর্তী উস্ত-লুগা বন্দর এলাকায় ড্রোন হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এমন উত্তেজনার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আয়োজিত শান্তি আলোচনার দ্বিতীয় ও শেষ দিন চলছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, আলোচনার প্রথম দিনটি ছিল ‘গঠনমূলক এবং বেশ তাৎপর্যপূর্ণ’।
অন্যদিকে, রাশিয়ার দখলে থাকা দোনেৎস্ক অঞ্চলে গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় বাহিনী অন্তত ৩১টি আর্টিলারি শেল নিক্ষেপ করেছে বলে জানিয়েছে তাস। এসব হামলায় তিনজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এর মধ্যে ২৩টি হামলা হয়েছে হরলিভকা এলাকায়। সেখানে একটি গাড়িতে ড্রোন আঘাত হানলে এক দম্পতি আহত হন।
এ ছাড়া ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহেও হামলার ঘটনা ঘটেছে।
এ পরিস্থিতিতে সতর্ক অবস্থান নিয়েছে বাল্টিক অঞ্চলের দেশ লাটভিয়া ও লিথুয়ানিয়া। রাশিয়া কিংবা বেলারুশ হয়ে অজ্ঞাত ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশের আশঙ্কায় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে দেশ দুটি।
আকাশসীমা লঙ্ঘনের ঘটনার পর ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধবিমানও সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে বাল্টিক রাষ্ট্রগুলো।


