...|...|...

সারাদেশ

এক মাসের অবরোধে অচল সাজেক, থমকে দুই জেলার অর্থনীতি

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, দুপুর ২:৩০
Shares
এক মাসের অবরোধে অচল সাজেক, থমকে দুই জেলার অর্থনীতি

এক মাসের অবরোধে অচল সাজেক। ছবি: টাইমস টুডে

একসময় পর্যটকদের পদচারণায় মুখর থাকত সাজেকের রুইলুই পাহাড়। হোটেল-রিসোর্টে ছিল পর্যটকদের ভিড়, চাঁদের গাড়ির বহরে সরগরম থাকত পাহাড়ি সড়ক। স্থানীয় কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, পরিবহনশ্রমিক থেকে শুরু করে পর্যটননির্ভর হাজারো মানুষের জীবিকার বড় অংশ জুড়ে ছিল এই পর্যটনকেন্দ্র। 

কিন্তু সড়ক অবরোধ ও পাল্টাপাল্টি কর্মসূচিতে এক মাস ধরে কার্যত অচল সাজেক। এর প্রভাব এখন আর শুধু রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সীমাবদ্ধ নেই; ছড়িয়ে পড়েছে প্রতিবেশী জেলা খাগড়াছড়ির অর্থনীতি ও জনজীবনেও। পর্যটন ও পরিবহন খাতে প্রতিদিন কোটি টাকার ব্যবসা বন্ধ থাকার পাশাপাশি কৃষিপণ্য বাজারজাত, খাদ্য ও ওষুধ সরবরাহ, জরুরি চিকিৎসা এবং ধর্মীয় আয়োজনেও তৈরি হয়েছে সংকট।

সাজেকের এই অচলাবস্থার শুরু গত ১১ অক্টোবর। স্থানীয় সংগঠনগুলোর ডাকে প্রথম দফায় সড়ক অবরোধ শুরু হয়। দুর্গাপূজা উপলক্ষে ১৬ থেকে ২১ অক্টোবর কর্মসূচি শিথিল থাকলেও ২২ অক্টোবর থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়। 

এরপর কয়েক দফায় অবরোধ, পাল্টা অবরোধ ও সীমিত সময়ের জন্য কর্মসূচি শিথিলের ঘোষণা এলেও স্বাভাবিক হয়নি যোগাযোগব্যবস্থা। ১ নভেম্বর এক পক্ষের ১২ ঘণ্টার অবরোধ শিথিলের ঘোষণার বিপরীতে অন্য পক্ষের পাল্টা অবরোধ এবং পরিবহন মালিক-শ্রমিকদের গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তে পরিস্থিতি আরও জটিল হয়।

পর্যটন খাতে কোটি টাকার ব্যবসা বন্ধ

সাজেকের পর্যটননির্ভর অর্থনীতির বড় অংশই এখন স্থবির। পর্যটক না থাকায় শতাধিক রিসোর্ট-কটেজ, রেস্তোরাঁ, খাবারের দোকান ও ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানে আয় বন্ধ। কর্মচারীদের বেতন, ঋণের কিস্তি, রক্ষণাবেক্ষণ ও পরিচালন ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা।

পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, সাজেকে প্রতিদিন অন্তত এক কোটি টাকার ব্যবসা হয়। এর মধ্যে শুধু কটেজ খাতেই দৈনিক প্রায় ২০ লাখ টাকার ব্যবসা হয় বলে জানিয়েছেন কটেজ মালিক সমিতির সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সুপর্ণা দেববর্মণ। তিনি বলেন, পর্যটন মৌসুমে ব্যবসার এই সময়টিতে তাদের বসে থাকতে হচ্ছে। দ্রুত অচলাবস্থা নিরসনের দাবি জানান তিনি।

অন্যদিকে, খাগড়াছড়ি পার্বত্য পরিবহন সমিতির সভাপতি আয়ুশ শান্তি চাকমা জানান, পর্যটন মৌসুমে প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৪০০টি যানবাহন সাজেকে যাতায়াত করত। এক মাস ধরে গাড়ি চলাচল বন্ধ থাকায় পরিবহন খাতের মানুষের আয় বন্ধ হয়ে গেছে।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা বলেন, অবরোধের প্রথম ১৪ দিনেই পর্যটন খাতে আনুমানিক ৩০ থেকে ৩৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।

কৃষকের উৎপাদিত পণ্য যাচ্ছে না বাজারে

সাজেকের অর্থনীতির সাথে পর্যটনের পাশাপাশি কৃষিরও গভীর সম্পর্ক রয়েছে। জুম ও পাহাড়ি কৃষিজ উৎপাদনের ওপর নির্ভরশীল বহু পরিবার। পর্যটক না আসায় স্থানীয়ভাবে উৎপাদিত সবজি, ফলমূল, মুরগি, চাল ও অন্যান্য পণ্যের বিক্রি কমেছে। অন্যদিকে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় উৎপাদিত পণ্য সময়মতো বাজারজাত করতে না পেরে ক্ষতির মুখে পড়ছেন কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।

৩ নভেম্বর সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের যৌথ সিদ্ধান্তে কৃষিপণ্যবাহী যানবাহন, শিক্ষক-শিক্ষার্থীদের পরিবহন, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহন চলাচলে ছাড় দেওয়ার ঘোষণা আসে। তবে অবরোধ প্রত্যাহার না হওয়ায় স্বাভাবিক পণ্য পরিবহন ও বাণিজ্য পুরোপুরি সচল হয়নি।

শিয়ালদাই মৌজার হেডম্যান ও ইউপি সদস্য জৌপেইথাং ত্রিপুরা বলেন, সড়ক অবরোধ ও পর্যটক না থাকায় জুমচাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের উৎপাদিত পণ্য বাজারে নিতে পারছেন না। এতে গ্রামীণ অর্থনীতি কার্যত স্থবির হয়ে পড়েছে।

খাদ্য ও চিকিৎসা নিয়ে উদ্বেগ

অবরোধের সবচেয়ে বড় ভুক্তভোগী সাধারণ মানুষ। সাজেকের বিভিন্ন পাড়ায় চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হয়েছে। দোকানগুলোতে প্রয়োজনীয় পণ্যের মজুত কমে গেছে। জ্বালানি ও ওষুধ সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

সাজেক ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য অনিত্য ত্রিপুরা জানান, অনেক পরিবারের ঘরে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত প্রায় শেষ হয়ে এসেছে। রুইলুই পাড়ার পাঁচটি দোকানেও প্রয়োজনীয় পণ্য ফুরিয়ে যাওয়ার কথা জানান তিনি।

জরুরি চিকিৎসার ক্ষেত্রেও রয়েছে অনিশ্চয়তা। গুরুতর অসুস্থ রোগী কিংবা দুর্ঘটনায় আহত কাউকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য পর্যাপ্ত যানবাহন না পাওয়া বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা খাদ্য ও জীবনরক্ষাকারী ওষুধের সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। প্রশাসনের উদ্যোগে সংকট সমাধানের চেষ্টা চললেও এখনো সন্তোষজনক সমাধান হয়নি বলে জানান তিনি।

বাতিল হয়েছে কঠিন চীবর দানোৎসব

অবরোধের প্রভাব পড়েছে পাহাড়ের সামাজিক ও ধর্মীয় জীবনেও। সাজেকের বাঘাইহাট বনানী বন বিহারেে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় আয়োজন কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠানটি বাতিল করা হয়।

বনানী বন বিহার পরিচালনা কমিটির সভাপতি বিমল কান্তি চাকমা জানান, বর্তমান পরিস্থিতির কারণে উৎসব আয়োজন সম্ভব হচ্ছে না। ফলে শুধু অর্থনীতি নয়, মানুষের ধর্মীয় ও সামাজিক জীবনেও অবরোধের প্রভাব পড়েছে।

সংঘাত ও আধিপত্যের বিরোধে অনিশ্চয়তা

সাজেকের চলমান সংকটের পেছনে রয়েছে আঞ্চলিক রাজনৈতিক সংগঠনগুলোর বিরোধ, আধিপত্য বিস্তার ও নিরাপত্তা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ। অবরোধকারী সংগঠনগুলোর পাঁচ দফা দাবির মধ্যে এলাকায় সশস্ত্র সংগঠনের সদস্যদের অবস্থান ও নিরাপত্তার বিষয়টি অন্যতম। অন্যদিকে, পাল্টা অবরোধের মধ্য দিয়ে বিরোধ আরও জটিল হয়েছে। বিভিন্ন সময়ে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা উদ্বেগ বেড়েছে।

২৬ অক্টোবর উজোবাজারে প্রশাসন ও আন্দোলনকারীদের মধ্যে বৈঠক হলেও পাঁচ দফা দাবির চারটি বিষয়ে অগ্রগতি হলেও একটি গুরুত্বপূর্ণ দাবিতে মতৈক্য না হওয়ায় আলোচনা অমীমাংসিত থাকে। বৈঠকে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী, খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত, দুই জেলার পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান সে সময় জানান, পরবর্তী বৈঠকের বিষয়ে তখনো সিদ্ধান্ত হয়নি। পরে  তিনি বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা ও নিরাপত্তার বিষয় বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে।

এদিকে, রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। খাগড়াছড়ি ও রাঙামাটির সংসদ সদস্যদের সাথে তিনি সাজেক পরিদর্শনে গিয়েছিলেন। একই সাথে রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, এক পক্ষ অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিলেও অন্য পক্ষ তা মানছে না। এভাবে পরিস্থিতি দীর্ঘায়িত হচ্ছে।

পর্যটন চালুর সিদ্ধান্ত হয়নি

পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় ২১ অক্টোবর রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী গণবিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেন। এরপর বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার খবর ছড়ালেও ১৩ নভেম্বর পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়নি। ২১ নভেম্বরও পর্যটনকেন্দ্র চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।

এক মাসের অবরোধে সাজেকের পর্যটননির্ভর অর্থনীতি যেমন বিপর্যস্ত হয়েছে, তেমনি খাগড়াছড়ির পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় মানুষের আয়-রোজগারেও পড়েছে বড় ধাক্কা। খাদ্য, চিকিৎসা, কৃষি ও ধর্মীয় আয়োজন- কোনো ক্ষেত্রই এর প্রভাবমুক্ত নয়।