...|...|...

শিক্ষা

একাদশে ভর্তির ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৭ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:০৯
Shares
একাদশে ভর্তির ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

একাদশে ভর্তির ফল প্রকাশ আজ। ফাইল ছবি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম পর্যায়ের ফল আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রকাশ করা হবে। একই সময়ে দেশের সব শিক্ষার্থীর ফল একযোগে প্রকাশ করা হবে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

এবার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছে। একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ দেওয়ার সুযোগ পেয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

বোর্ড সূত্র জানায়, গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরু হয়। আবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল ১৩ সেপ্টেম্বর রাত ৮টা। নির্ধারিত সময়ের মধ্যে বিপুলসংখ্যক শিক্ষার্থী অনলাইনে আবেদন করে।

প্রথম পর্যায়ের ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন করতে হবে। এজন্য আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

এর আগে গত ২৪ আগস্ট একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা প্রকাশ করে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড। নীতিমালা অনুযায়ী, সাধারণ শিক্ষার্থীদের আবেদন জমা দেওয়ার শেষ সময় প্রথমে ১০ সেপ্টেম্বর রাত ৮টা নির্ধারণ করা হয়েছিল। পরে সেই সময় বাড়ানো হয়। ফলে খাতা চ্যালেঞ্জের মাধ্যমে ফল পরিবর্তিত হওয়া শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পেয়েছেন।

এবার একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতেই কলেজে ভর্তির জন্য নির্বাচন করা হবে।

ভর্তি নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে মোট আসনের ৭ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। বাকি ৯৩ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে এবং এসব আসনে শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে ভর্তি করা হবে।

প্রথম পর্যায়ের ফল প্রকাশের পর ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চয়ন করতে হবে। এরপর ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে।

একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। সব প্রক্রিয়া শেষে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

যেভাবে ফল দেখা যাবে

একাদশ শ্রেণির ভর্তির ফল অনলাইনে দেখতে শিক্ষার্থীদের প্রথমে একাদশ শ্রেণির ভর্তির ওয়েবসাইটে https://xiclassadmission.gov.bd/ প্রবেশ করতে হবে। এরপর হোমপেজে থাকা ‘ভিউ রেজাল্ট’ অপশনে ক্লিক করতে হবে।

পরে এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা কোড পূরণ করে ‘সাবমিট’ করলে ফল দেখা যাবে। সেখানে শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তা জানা যাবে।