...|...|...

বিশ্ব

একরাতে রাশিয়ার অত্যাধুনিক ৪ যুদ্ধবিমান ধ্বংস করেছে ইউক্রেন: জেলেনস্কি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৪৯
Shares
একরাতে রাশিয়ার অত্যাধুনিক ৪ যুদ্ধবিমান ধ্বংস করেছে ইউক্রেন: জেলেনস্কি

ছবি: সংগৃহীত

রাশিয়ার ভোরোনেজ অঞ্চলের একটি সামরিক বিমানঘাঁটিতে রাতের আঁধারে চালানো আকস্মিক হামলায় রুশ বিমানবাহিনীর ৪টি এসইউ-৩৪এম বোমারু বিমান ধ্বংস এবং আরও দুটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য নিশ্চিত করেছেন।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, রাশিয়ানরা আমাদের জনগণের ওপর ত্রাস সৃষ্টি করতে এই বিমানগুলো ব্যবহার করছিল। এগুলো ইউক্রেনে নতুন করে হামলার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল এবং সেগুলোতে এয়ার বোমা বা গাইডেড বোমাও লোড করা হয়েছিল। তিনি আরও বলেন, রাশিয়া যুদ্ধ দীর্ঘায়িত করছে, তাই আমাদের দীর্ঘপাল্লার অভিযান অব্যাহত থাকবে।

ইউক্রেনের নৌবাহিনী টেলিগ্রাম চ্যানেলে এক বার্তায় জানিয়েছে যে, এই সফল হামলাটি চালানো হয়েছে ইউক্রেনীয় ভূখণ্ডে তৈরি উপকূলীয় ‘নেপচুন’ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে। এছাড়া ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন, বিমানঘাঁটির ভেতরে প্রচণ্ড বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা রেকর্ড করা হয়েছে।

ভোরোনেজ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার গিসেভ স্থানীয় বাসিন্দাদের বারবার ড্রোন হামলার বিষয়ে সতর্ক করেছিলেন। স্থানীয় বাসিন্দাদের ধারণ করা অনলাইন ভিডিও ফুটেজে বিমানঘাঁটিতে বিকট বিস্ফোরণ ও বিশাল আগুনের কুণ্ডলী দেখা গেছে।

উল্লেখ্য, ফ্রন্টলাইন বা যুদ্ধক্ষেত্র থেকে ভোরোনেজ সামরিক বিমানঘাঁটির দূরত্ব প্রায় ৩৭০ কিলোমিটার (প্রায় ২৩০ মাইল)।

নেপচুন ক্ষেপণাস্ত্র ও এসইউ-৩৪ যুদ্ধবিমানের পরিচয়

‘নেপচুন’ হলো ইউক্রেনের নিজস্ব প্রযুক্তিতে উৎপাদিত ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য একটি অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার পাল্লা কয়েকশ কিলোমিটার। ২০২২ সালের এপ্রিল মাসে কৃষ্ণ সাগরে রাশিয়ার ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ ‘মসক্রভা’ ডুবিয়ে দিতে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল ইউক্রেন।

পরবর্তীতে ২০২৫ সালে ইউক্রেন এই ক্ষেপণাস্ত্রটির একটি আধুনিক সংস্করণ উন্মোচন করে, যার পাল্লা ১,০০০ কিলোমিটার (৬২০ মাইল) পর্যন্ত পরীক্ষামূলকভাবে সফলভাবে প্রদর্শিত হয়েছিল। গত বছরের মার্চে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা দিয়েছিলেন যে সিস্টেমটি সফলভাবে পরীক্ষা সম্পন্ন করেছে এবং এটি যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে।

অন্যদিকে, এসইউ-৩৪এম হলো মৌলিক এসইউ-৩৪ ফাইটার-বোম্বারের একটি অত্যন্ত আধুনিক ও পরিমার্জিত সংস্করণ। রুশ বিমানবাহিনীর এই মাঝারি পাল্লার ফাইটার-বোম্বারগুলোকে লক্ষ্য করে ইউক্রেনীয় বাহিনী এর আগেও বিভিন্ন রুশ সামরিক বিমানঘাঁটিতে সফল হামলা চালিয়েছে এবং বেশ কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে।