বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। বদলি হওয়া এসব কর্মকর্তাকে আগামী ২৪ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২৫ নভেম্বর থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ওসমান গণিকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মো. মাহমুদুর রহমানকে ঢাকার পুলিশ স্টাফ কলেজের ডিআইজি করা হয়েছে। টিডিএস, ঢাকার অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে রংপুর পিটিসিতে বদলি করা হয়েছে।
এ ছাড়া সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার চার কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার শেখ শরীফুল ইসলামকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলামকে নীলফামারী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, সিআইডি ঢাকার বিশেষ পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামকে রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যান্য বদলির মধ্যে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপকমিশনার মোহাম্মদ মহিউল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার এবং একই ইউনিটের উপকমিশনার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মহানগর পুলিশের উপকমিশনার করা হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে রংপুর পিটিসিতে এবং সিআইডির পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া রাজারবাগ পুলিশ টেলিকমের পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার এবং ঢাকার পুলিশ টেলিকমের পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে খাগড়াছড়ির মহালছড়িতে ৬ এপিবিএন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার করা হয়েছে।
খুলনা মহানগর পুলিশের উপকমিশনার মেরিনা আক্তার এবং পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত) মো. হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জামান এবং চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার কবীর আহম্মেদকেও খুলনা মহানগর পুলিশের উপকমিশনার করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

